কারখানায় চুরি, ১০ কিলোমিটার দূরে পাওয়া গেল নিরাপত্তাকর্মীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারখানা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার হোতাপাড়া বেগমপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে পোলট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আল আমিন পোলট্রি ফিডের কারখানায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে কোনো এক সময় উপজেলার মাওনা চৌরাস্তায় মোহা সিএনজি পাম্পের পাশের ওই কারখানায় চুরি হয়। এ ঘটনার পর আজ রোববার বেলা ১১টার দিকে হেলাল উদ্দিন (৫৫) নামের ওই কারখানার এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কারখানা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার হোতাপাড়া বেগমপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হেলাল উদ্দিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর হাজীপুর গ্রামের মো. রবিউল্লার ছেলে। হেলাল উদ্দিন সপরিবার কেওয়া গ্রামের বকুলতলা এলাকায় বসবাস করতেন।

নিহত হেলালের স্ত্রী রেহানা আক্তার বলেন, হেলাল ম্যাক্স ফোর নামের একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানের অধীনে তিনি আল আমিন পোলট্রি ফিড নামের খাদ্য উৎপাদনকারী ওই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। পাঁচ বছর ধরে হেলাল ওই কারখানায় দায়িত্ব পালন করছিলেন।

আল আমিন পোলট্রি ফিডের মালিক আহমেদ ইয়াতগির হোসেন বলেন, কারখানার উৎপাদন রাতে বন্ধ থাকে। ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকেন হেলাল উদ্দিন। আজ সকাল আটটার দিকে মো. জসিম উদ্দিন ও মো. নুরুজ্জামান নামের কারখানার দুই কর্মকর্তা কারখানায় এসে দেখেন ফটকের তালা ভাঙা। এ সময় তাঁরা নিরাপত্তাকর্মী হেলালকে ফটকের ভেতর-বাইরে খোঁজাখুঁজি করেন। পরে তাঁরা ভেতরে গিয়ে দেখতে পান, কারখানায় রাখা টাকার সিন্দুক ও সিসিটিভি ক্যামেরার স্টোরেজ ডিভাইস উধাও। তখন তাঁরা বুঝতে পারেন, কারখানায় চুরি হয়েছে।

এদিকে বেলা ১১টার দিকে সদর উপজেলার হোতাপাড়া বেগমপুর গ্রামে এভারস্মার্ট বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানার সামনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে জয়দেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ওই কারখানার হিসাব বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেন সেখানে গিয়ে লাশটি হেলাল উদ্দিনের বলে নিশ্চিত করেন।

আহমেদ ইয়াতগির হোসেনের দাবি, কারখানার সিন্দুকে থাকা নগদ ৫ লাখ ৫৫ হাজার ২৮০ টাকা ও ব্যাংকের চেকবই ও অন্য কাগজপত্র ছিল। সেগুলো সব চুরি হয়ে গেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে‌। তবে নিহত ব্যক্তির শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সিন্দুক চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি নিরাপত্তাকর্মী দেখে ফেলেন। পরে দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীকে হত্যা করে দূরে গিয়ে লাশটি ফেলে দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।