মাদারীপুরে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত
মাদারীপুরের রাজৈর এলাকায় ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) এবং একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)।
হাইওয়ে পুলিশের সূত্র জানায়, জামালপুর থেকে ট্রাকে করে মাদারীপুরের কালকিনিতে আসছিলেন কয়েকজন মৌচাষি। ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই লিখন ও রানা নামে দুজন মৌচাষি নিহত হন। একজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।