চা-শ্রমিকদের পাশে থাকবে সরকার: শ্রমমন্ত্রী
সরকার চা-শ্রমিকদের পাশে সব সময় থাকবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শ্রমিকদের সংগঠিত করে চা-শিল্পকে কীভাবে আরও সমৃদ্ধ ও অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, সরকার সে চেষ্টা করছে। শ্রমিকদের কল্যাণে এই সরকার কাজ করবে।
আজ রোববার সকাল সাড়ে নয়টায় সিলেট নগরের কুমারপাড়া এলাকায় মন্ত্রীর বাসভবনে এক মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী এ কথা বলেন। প্রায় আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালার নেতৃত্বে চা-শ্রমিকদের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়। এ সময় মন্ত্রী বিজয়ী চা-শ্রমিক নেতাদের মিষ্টিমুখ করান।
চা-বাগানগুলোয় সঠিক নেতৃত্ব থাকলে কোনো সমস্যা বা সংকট থাকবে না উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (রাজু গোয়ালা) অঙ্গীকার করেছেন, সরকারের সব কর্মসূচি ও বিষয় বাস্তবায়নে আমাদের সঙ্গে এক হয়ে কাজ করবেন। চা-শ্রমিকদের যাবতীয় সমস্যা ও সংকটে আমরা সব সময় পাশে থাকব। আমাদের প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।’
শ্রমমন্ত্রীর প্রচেষ্টায় দীর্ঘদিন পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছে উল্লেখ করে রাজু গোয়ালা বলেন, সরকারের সব উন্নয়নমূলক কাজে চা-শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়মিত অংশগ্রহণ থাকবে। তিনি আশা করেন, এখন থেকে নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন হবে। এতে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।
৮ বছর পর চা–শ্রমিক ইউনিয়ন নির্বাচন
প্রায় আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে জয়ী হয়েছেন রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মুকেশ কর্মকার। গতকাল শনিবার সারা দেশের ২৩০টি চা-বাগানে একযোগে ভোট গ্রহণ হয়। শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে সভাপতি পদে রাজু গোয়ালা পেয়েছেন ৬১ হাজার ৮০৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে মুকেশ কর্মকার পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দী হরিণ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট।
রাজু গোয়ালার প্যানেল থেকে কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিং রাউতিয়া ও নারী সহসভাপতি শিমুল কর্মকার। মুকেশ কর্মকারের প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সনজয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামণি তাঁতী ও অর্থ সম্পাদক সনত গোয়ালা।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
গতকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ১ লাখ ৫৩ জন চা-শ্রমিক ভোট দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটের হার ছিল প্রায় ৯০ শতাংশ।
ইউনিয়নের সাতটি ভ্যালির সভাপতিও নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন বালিশিরা ভ্যালিতে মহেশ্বর দাস, মনু-ধলাই ভ্যালিতে সীতারাম বীন, লংলা ভ্যালিতে দীপংকর ঘোষ, জুড়ি ভ্যালিতে সজল বাউরি, সিলেট ভ্যালিতে জয় মাহাত্ম্য কুর্মি, চট্টগ্রাম ভ্যালিতে প্রদীপ দাশ ও লস্করপুর ভ্যালিতে আশীষ তন্তুবায় বেবুল।
কয়েকজন চা-শ্রমিক জানান, দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় শনিবার সকাল থেকেই বাগানগুলোয় উৎসবের পরিবেশ ছিল। শ্রীমঙ্গলের ভাড়াউড়া, ভুরভুরিয়া, কাকিয়াছড়া ও ফুলছড়াসহ বিভিন্ন কেন্দ্রে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। প্রার্থী, কর্মী-সমর্থক ও সাধারণ শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল।
কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দুটি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেল ছিল। সব মিলিয়ে প্রায় ৬২০টি প্যানেলে সাত হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রার্থী ছিলেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে লড়েন পরেশ কালিন্দী, নিপেন পাল ও মুকেশ কর্মকার।