পিঠা খেতে রাস্তা পার হচ্ছিল নাতনি, বাস দেখে ছুটে গেলেন নানি, বাঁচল না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসচাপায় দুজন নিহতের খবরে ঘটনাস্থলে তদন্তে পুলিশ সদস্যরা। আজ শুক্রবার সকালে গাইবান্ধা সদরের তুলসিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

গাইবান্ধা সদর উপজেলায় বাসচাপায় নানি–নাতনি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলার তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তাঁর নাতনি রিয়া মণি (৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা স্থানীয় একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন। আজ শুক্রবার সকালে তাঁর সঙ্গে তুলসিঘাটে আসে রিয়া মণি। এ সময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল শিশু রিয়া। হঠাৎ বাস চলে আসতে দেখে তাকে বাঁচাতে পেছনে দৌড় দেন সাবিনা বেগম। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস দুজনকেই চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বাসচাপায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।