চাঁদরাতে কেনাকাটা চট্টগ্রামের ঐতিহ্য
রাত জেগে ঈদের কেনাকাটা। ঈদের খুশিটা যেন দ্বিগুণ বাড়িয়ে দেয়। ঈদের চাঁদ দেখে বিপণিকেন্দ্র পানে ছুটে চলার এক ধরনের রীতি চালু ছিল চট্টগ্রামের কিছু ধনাঢ্য পরিবারের মধ্যে। কালক্রমে এই রীতি ছড়িয়ে পড়ে ব্যস্ততম নগর জীবনের ‘সবখানে’।
ঈদের চাঁদ ওঠার পর চট্টগ্রাম নগর লোকারণ্য হয়ে পড়ার এ চিত্র অনেক দিনের পুরোনো। ঈদের বাজারের একটা উচ্ছ্বাস ধরা দেয় চারদিকে। শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। রাত সাড়ে সাতটায় নগরের নিউ মার্কেটে দেখা যায় লোকজনের ঠেলাঠেলি ভিড়। বিশেষ করে পাঞ্জাবির দোকানে সব বয়সের মানুষের উপস্থিতি।
নিউ মার্কেটের শৈল্পিক শোরুমের বিক্রয়কর্মীর কথা বলার ফুসরত নেই। সেখানে ফাহিম নামে এক তরুণ বলেন, ‘কাল যেহেতু ঈদ হয়ে যাবে তাই পাঞ্জাবিতো লাগবে। ঈদ নিশ্চিত হওয়ার পর পাঞ্জাবি কিনতে দলবলসহ ছুটে এলাম।’
ঈদের সবচেয়ে জরুরি অনুষঙ্গ ‘পাঞ্জাবি, টুপি ও আঁতর’। এসবই যেন চাঁদরাতে কেনাবেচার জন্য থেকে যায়। এই রীতি অনেক পুরোনো বলে জানান, কালের সাক্ষী প্রবীণেরা। তাঁদের ভাষ্য, ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের কয়েকটি বনেদি পরিবার নগরের অভিজাত বিপণি কেন্দ্র নিউ মার্কেটে চাঁদ রাতে ঈদের বাজার করতে ছুটে যেতেন।
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ শায়েস্তা খান স্মৃতিচারণ করে বলেন, ‘একসময় চাঁদ রাতে চট্টগ্রামের বনেদি পরিবারের লোকজন স্ত্রী-সন্তানদের নিয়ে কেনাকাটা করতে যেতেন। বিশেষ করে তখন নিউ মার্কেটেই তারা যেতেন। কালক্রমে এটা রীতি হয়ে গেছে। পরে অন্যান্য অনেক দোকানে যেতেন সওদাগর শ্রেণির লোকজন। তারা নিজেদের ব্যবসা শেষ করে চাঁদ রাতে কেনাকাটা করতে ছুটতেন। এখন অনেক ব্যবসায়ী নিজেদের বেচাকেনা শেষ করে পরিবারের জন্য কিনতে যান।’
ইয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, কিছু বনেদি পরিবার আগে রাত জেগে কেনাকাটা করত। এখন সেই রীতি অনেকেই অনুসরণ করেন। কারণ ব্যস্ততা। সবার বেচাকেনা শেষ করে নিজেদের কেনাকাটা করে থাকে।