গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থী কোনো ভোট পাননি
গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে ছয় প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। তাঁরা সবাই সাধারণ সদস্য প্রার্থী ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর সরবরাহ করা ফলাফল শিট থেকে এ তথ্য পাওয়া গেছে।
এই ছয় প্রার্থী হলেন ২ নম্বর ওয়ার্ডের আবদুল বারেক (উটপাখি), দেওয়ান মোহাম্মদ শহিদুজ্জামান রিপন (তালা), মো. তোফাজ্জল হোসেন মৃধা (হাতি) ও মো. মঈনুল হোসেন (অটোরিকশা) এবং ৩ নম্বর ওয়ার্ডের মো. নূরুল ইসলাম (ঘুড়ি) ও মো. শফিকুল ইসলাম (টিউবওয়েল)।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, কেবল শূন্য ভোট–ই নয়, কোনো প্রার্থী নির্বাচনে মোট কাস্টিং ভোটের যদি এক–অষ্টমাংশ ভোটও না পান, তাঁর জামানত বাতিল হবে।
গাজীপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ছয়টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোটার ৬৩৬। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৪৮৪ ও নারী ভোটার ১৫২টি। ভোটারদের মধ্যে গাজীপুর সদরের ১৩২ জন, কালিয়াকৈর উপজেলার ১৩১, শ্রীপুরের ১২০, কাপাসিয়ার ১৪৬ ও কালীগঞ্জের ১০৭ জন। এতে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্যপদে ২০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।