বিরোধপূর্ণ জমিতে বিপণিবিতান নির্মাণ করছে বগুড়া জেলা পরিষদ
রেলওয়ের সঙ্গে মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তির আগেই বিরোধপূর্ণ জমিতে বিপণিবিতান নির্মাণ করছে বগুড়া জেলা পরিষদ। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পাশে স্টেশন সড়কে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এবং প্রেসক্লাবঘেঁষা প্রায় ১৫ শতাংশ জমির ওপর এই বিপণিবিতানের নির্মাণকাজ চলছে। এই জমির বাজারমূল্য আনুমানিক ১০ কোটি টাকা।
স্থানীয় একাধিক সূত্র অভিযোগ করেছে, জেলা পরিষদকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগের কয়েকজন নেতা বিরোধপূর্ণ এই জায়গায় বিপণিবিতান নির্মাণ করছেন।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, জেলা পরিষদ থেকে বিপণিবিতান নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন এবং অর্থ ব্যয় করার ক্ষেত্রে দরপত্র আহ্বানের বিধান রয়েছে। কিন্তু বিপণিবিতানটি নির্মাণে আহ্বান করা হয়নি কোনো দরপত্র। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও অনুমোদন নেওয়া হয়নি। এ ছাড়া পৌরসভা থেকে কোনো নকশা অনুমোদন নেয়নি জেলা পরিষদ।
অবৈধভাবে বিপণিবিতানটি নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, যেকোনো ধরনের স্থাপনা নির্মাণে পৌরসভা থেকে নকশা অনুমোদন নেওয়ার কথা। কিন্তু জেলা পরিষদ কোনো নকশার অনুমোদন নেয়নি। এটি যে এলাকায় নির্মাণ করা হচ্ছে, সেটি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পার্কিং এলাকা। এভাবে মসজিদের পার্কিং এলাকায় মার্কেট নির্মাণ দুঃখজনক।
ওই জমিতে বছর চারেক আগে বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নিয়েছিল রেলওয়ে। সেখানে ৪৫টি দোকানঘর নির্মাণের জন্য দরপত্র আহ্বান শেষে রেলওয়ে থেকে ঠিকাদারও নিয়োগ হয়েছিল। কিন্তু আইনগত জটিলতায় শেষ পর্যন্ত আর সেখানে বিপণিবিতান নির্মাণ হয়নি। এর ঠিকাদারির কাজ পেয়েছিলেন বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ।
তিনি মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘জেলা পরিষদ এখন যেখানে মার্কেট নির্মাণ করছে, সেখানে রেলওয়ে থেকে বিপণিবিতান নির্মাণের জন্য বছর চারেক আগে কার্যাদেশ পেয়েছিলাম। ওই জায়গার মালিকানা নিয়ে আদালতে মামলা থাকায় তা ঝুলে যায়।’
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর বগুড়া শহরে নির্ধারিত বাস টার্মিনাল না থাকায় যাত্রী ওঠানামায় সমস্যা হতো। ১৯৭৮ সালের ২ ফেব্রুয়ারি ওই সময়কার যোগাযোগসচিব বগুড়া সফরে এসে বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেন। তাঁর নির্দেশে বগুড়া বিআরটিসি ট্রাক ডিপোর পাশে সূত্রাপুর মৌজায় ১১৩৬ দাগে রেলওয়ের মালিকানায় থাকা দুই একর জায়গা বাস টার্মিনাল নির্মাণের জন্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
শর্ত অনুযায়ী, ওই সময়ে জমির মূল্যবাবদ আট কিস্তিতে ৩ লাখ ২০ হাজার টাকা রেলওয়েকে প্রদান করার কথা ছিল জেলা পরিষদের। শর্ত ছিল, চুক্তির আগে ৪০ হাজার এবং বাকি টাকা চুক্তির পর পরিশোধ করতে হবে। জেলা পরিষদ ওই সময় টাকা পরিশোধে টালবাহানা করে। পরে ওই সময়কার যোগাযোগ ও রেলমন্ত্রী প্রয়াত আবদুল আলিমের নির্দেশে বাস টার্মিনাল নির্মাণের জন্য জেলা পরিষদের অনুকূলে আরও ৬৫ শতক জায়গা বরাদ্দ দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব প্রথম আলোকে বলেন, বাস টার্মিনালের জন্য ২ একর ৬৫ শতাংশ জায়গা বরাদ্দের ব্যাপারে রেলওয়ে এবং জেলা পরিষদের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি করার কথা ছিল। কিন্তু জেলা পরিষদ টাকা পরিশোধ না করায় চুক্তি হয়নি। পরে ১৯৮৯ সালে জেলা পরিষদ অর্থ জমা দিতে গেলে অডিট আপত্তি তোলা হয়।
সেই আপত্তি নিষ্পত্তি না করে ১৯৮৬ সালে জেলা পরিষদ ৬৫ শতাংশ জমির দখল নিতে গেলে রেলওয়ের পক্ষ থেকে জমি উদ্ধারে বগুড়া জজ আদালতে একটি মামলা করা হয়। প্রথমে বগুড়া জজ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দিলে রেলওয়ের পক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হয়। সেখানেও রায় বহাল থাকলে ২০০৮ সালে রেলওয়ের পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়।
মামলাটি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জানিয়ে পূর্ণেন্দু দেব বলেন, সর্বোচ্চ আদালতে আপিল মামলা নিষ্পত্তি হওয়ার আগেই জেলা পরিষদ আইন লঙ্ঘন করে কয়েক দিন আগে তড়িঘড়ি করে ওই জমিতে বিপণিবিতান নির্মাণ শুরু করে। খবর পেয়ে সেখানে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তারা গিয়ে আপত্তির কথা জানালে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্ত রেলওয়ের কর্মকর্তারা সেখান থেকে চলে আসার পর আবারও নির্মাণকাজ শুরু করা হয়।
এ বিষয়ে বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘জেলা পরিষদ মার্কেট নির্মাণের সব তথ্য আমার জানা নেই। জেলা পরিষদের প্রধান নির্বাহী এবং প্যানেল চেয়ারম্যান-১ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।’
শুরু থেকে বিপণিবিতান নির্মাণকাজের তদারক করছেন বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, এই জায়গার মালিকানা নিয়ে কোনো জটিলতা নেই। সর্বোচ্চ আদালতের রায় জেলা পরিষদের পক্ষে। বিধিবিধান মেনেই জেলা পরিষদের নিজস্ব জায়গায় নির্মাণ চলছে।
জেলা পরিষদ বিপণিবিতান নির্মাণে পৌরসভা থেকে নকশা অনুমোদন, দরপত্র আহ্বান, মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়েকে কি না জানতে চাইলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘আমি ৬ মে এখানে যোগদান করেছি, সব বিষয় আমার জানা নেই।’
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বিপণিবিতান নির্মাণে বাধা দেওয়ায় ৭ জুন বগুড়ার সিনিয়র সহকারী জজ আদালতে রেলওয়ের বিরুদ্ধে মামলা করে বগুড়া জেলা পরিষদ। মামলায় বিপণিবিতান নির্মাণে বাধা না দেওয়ার ক্ষেত্রে অস্থায়ী নিষেধজ্ঞা চাওয়া হয়েছে। এরপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করেছেন। ১৫ কার্যদিবসের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে এ আদেশের আগেই জেলা পরিষদ বিপণিবিতান নির্মাণকাজ শুরু করে তা অব্যাহত রেখেছে।
রুলের বিষয়ে পূর্ণেন্দু দেব প্রথম আলোকে বলেন, রেলওয়ের সংশ্লিষ্ট শাখা রুলের জবাব প্রস্তুত করেছে। হাইকোর্টে লিভ টু আপিল শুনানির সর্বশেষ অবস্থা জানারও উদ্যোগ নিয়েছে।