অবরোধের প্রথম দিনে ময়মনসিংহে বাসে যাত্রী কম, ছোট যানবাহনে চড়ছেন মানুষ
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কে বাস চলাচল অনেকটাই কম। হাতে গোনা কয়েকটি বাস ছেড়ে গেলেও সেগুলোতে পর্যাপ্ত যাত্রী ছিলেন না। বাস চলাচল কম থাকলেও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাহেন্দ্র চলতে দেখা গেছে। এসব ছোট যানবাহনে করে মানুষ গন্তব্যের উদ্দেশে যাচ্ছেন।
আজ সকাল পৌনে আটটার দিকে ময়মনসিংহ নগরের মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী এনা পরিবহনের বাস যাত্রী ওঠানোর জন্য অপেক্ষা করলেও তেমন যাত্রী নেই। পরিবহনটির টিকিট বিক্রেতা মো. রোকন বলেন, স্বাভাবিকভাবে প্রতিদিন ভোর থেকে সকাল আটটার মধ্যে এই টার্মিনাল থেকে অন্তত ৩০টি বাস ছেড়ে যায়। তবে আজ এ সময়ে মাত্র দুটি বাস ছেড়ে গেছে। ৩ নম্বর বাসটিতে যাত্রী ওঠানো শুরু করলেও ৪০ মিনিটে মাত্র ৩ জন যাত্রী উঠেছেন। ৪০ আসনের বাস হলেও আজ ৩০ জন যাত্রী হলেই বাস ছেড়ে যাবে।
ময়মনসিংহ নগরের শিকারিকান্দা বাইপাস এলাকায় গিয়ে দেখা যায়, সৌখিন পরিবহনের একটি ঢাকাগামী বাসের চালকের সহকারী ডেকে ডেকে যাত্রী তোলার চেষ্টা করছেন। তবে এখানেও যাত্রীর সংকট দেখা যায়। বাসের শ্রমিক দুলাল মিয়া বলেন, ৩০ মিনিটে হাতে গোনা কয়েকজন যাত্রী পেয়েছেন।
শিকারিকান্দা বাইপাসে একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, গন্তব্যে যেতে পারবেন কি না, এমন অনিশ্চয়তা নিয়েই বের হয়েছেন। আলমগীর হোসেন নামের একজন যাত্রী বলেন, তিনি ময়মনসিংহের তারাকান্দা থেকে গাজীপুরের উদ্দেশে বের হয়েছেন সকালে। জরুরি প্রয়োজন থাকায় তিনি বের হয়েছেন। তবে বাস কম থাকায় ভেঙে ভেঙে যেতে দ্বিগুণ টাকা খরচ হচ্ছে। শিকারিকান্দা থেকে ১২০ টাকায় গাজীপুর যাওয়া যায়। আজ সৌখিন পরিবহন একই গন্তব্যে ২০০ টাকা করে নিচ্ছে।
আজ সকাল থেকে অবরোধের সমর্থনে ময়মনসিংহের কোথাও কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ময়মনসিংহ মহানগর বিএনপি সমাবেশ করবে।