৪৪ বছর পর শুরু হলো অস্ত্রোপচারসেবা

প্রথম দিন দুজন অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার হয়। এ ছাড়া দীর্ঘদিন পর এক্স-রে ও আলট্রাসনোগ্রাম মেশিনও সচল হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলার মানচিত্র

নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে। কিন্তু দীর্ঘ ৪৪ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার হতো না। গত বৃহস্পতিবার অস্ত্রোপচারসেবা চালু হয়। ওই দিন দুজন অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) হয়। এ ছাড়া দেড় যুগ বাক্সবন্দী থাকার পর এক্স-রে মেশিন ও আলট্রাসনোগ্রাম মেশিনও সচল হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, ২০২০ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। নতুন ভবনে সুপরিসর আধুনিক অপারেশন কক্ষ নির্মিত হয়। কিন্তু সেখানে ছিল না প্রয়োজনীয় সরঞ্জাম। ২০০৪ সালে একটি আধুনিক এক্স-রে মেশিন বরাদ্দ হয়। কিন্তু দেড় যুগ ধরে সেটা ছিল বাক্সবন্দী। লোকবলের অভাবে হাসপাতালে থাকা একমাত্র আলট্রাসনোগ্রাম মেশিনটিও সচল করা সম্ভব হয়নি।

হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডলি রানী জানান, প্রথম দিনে দুজন অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার হয়েছে। প্রথমে উপজেলার ভবানিপুর গ্রামের বৃষ্টি রোজারিও (২২) ও প্লাবন রোজারিও (২৬) দম্পতির যমজ ছেলে হয়। এটি তাঁদের প্রথম সন্তান। দ্বিতীয় অস্ত্রোপচারে জোনাইল গ্রামের প্রিয়াঙ্কা (২৬) ও নিখিল (৩০) দম্পতি ছেলে সন্তানের মা-বাবা হন। দুই মা ও তাঁদের সন্তান সুস্থ আছে। আপাতত অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার করা হবে। ধীরে ধীরে এ কার্যক্রম বাড়বে।

বৃষ্টি রোজারিও জানান,আর্থিক সংগতি না থাকায় তাঁদের পক্ষে বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করা সম্ভব ছিল না। এ ছাড়া বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসার মানও খারাপ। সেখানে আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। এসব বিবেচনায় তিনি বড়াইগ্রাম হাসপাতালে অনেক উন্নত স্বাস্থ্যসেবা পেয়েছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুরশীদ আলম বলেন, আধুনিক সুবিধা চালু করা যত কঠিন কাজ, তার চেয়ে বেশি কঠিন সেবাগুলো অব্যাহত রাখা। এর জন্য এলাকাবাসীর সহযোগিতা দরকার। সহযোগিতা পেলে তিনি এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তাঁকে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস সহায়তা করেছেন।