জামালপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, বিজিবির সদস্য গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে (২৪) ধর্ষণের অভিযোগে এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল ইসলাম (২৬)। তিনি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চরশুভগাছা গ্রামের বাসিন্দা। তিনি কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড অব বাংলাদেশে (বিজিবি) কর্মরত রয়েছেন। ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।
জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজ বুধবার দুপুরে গ্রেপ্তার শফিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গৃহবধূর ছোট ভাইকে বিজিবির চাকরি দেওয়ার কথা বলে গতকাল মঙ্গলবার রাতে ওই বাড়িতে যান শফিকুল।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। তিনি তাঁর দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। গত সোমবার ওই গৃহবধূ তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। গৃহবধূর ছোট ভাইকে বিজিবির চাকরি দেওয়ার কথা বলে গতকাল মঙ্গলবার রাতে ওই বাড়িতে যান শফিকুল। এ সময় ওই বাড়িতে কোনো পুরুষ ছিলেন না। এ সুযোগে তিনি ওই গৃহবধূকে একটি ঘরে আটকে ধর্ষণ করেন। গৃহবধূর ডাক-চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে শফিকুলকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় বিজিবি সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়। আজ বিজিবির ওই সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।