‘ধর্মঘটে’ বাস বন্ধ, বিড়ম্বনায় খুলনাগামী সাতক্ষীরার যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘটের কারণে খুলনায় যাত্রীবাহী বাস চলাচল করছে না। ভাড়ায়চালিত প্রাইভেট কার ও মাইক্রোবাসও বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। শুক্রবার বিকেলে সদর হাসপাতালের সামনে
ছবি: প্রথম আলো

রাধিকা মণ্ডলের বাড়ি খুলনার দৌলতপুরে। সমাজসেবা অধিদপ্তরের লিখিত পরীক্ষা দিতে গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরায় এসেছিলেন তিনি। ছিলেন এক আত্মীয়ের বাড়িতে। পরীক্ষা শেষে আজ শুক্রবার দুপুরে বাড়ি ফিরতে গিয়ে বাধে বিপত্তি। খুলনাগামী সব যাত্রীবাহী বাস বন্ধ। কিন্তু তাঁকে বাড়িতে ফিরতে হবে। এমতাবস্থায় বাড়িতে ফেরা নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।

রাধিকা মণ্ডল প্রথম আলোকে বলেন, সাতক্ষীরা বাস টার্মিনালে গিয়ে জানতে পারেন, পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে খুলনায় কোনো বাস যাচ্ছে না। তাঁকে একজন জানান, সদর হাসপাতালের সামনে থেকে মাহিন্দ্রা যাচ্ছে খুলনায়। তাই সেখানে ছুটে যান। কিন্তু মাহিন্দ্রা বা ইজিবাইক খুলনা পর্যন্ত যাচ্ছে না, যাচ্ছে পাটকেলঘাটা পর্যন্ত। তারপর কীভাবে দৌলতপুরে যাবেন, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

আরও পড়ুন
আজ শুক্রবার সকাল ছয়টা থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বিএনপির দাবি, আগামীকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ আছে। ওই গণসমাবেশ বানচাল করতে ও বিপুল মানুষের উপস্থিতি ঠেকাতে ‘ষড়যন্ত্র’ করে এ ধর্মঘট ডাকা হয়েছে।

রাধিকার মতো রুমি সুলতানাও খুলনার খালিশপুর থেকে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা দিতে সাতক্ষীরায় এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোকিদুল ইসলাম। গতকাল সাতক্ষীরা শহরের একটি হোটেলে ছিলেন তাঁরা। আজ পরীক্ষা শেষে বাড়িতে ফিরতে দাঁড়িয়ে আছেন বাস টার্মিনালে। কিন্তু কোনো বাস খুলনায় যাচ্ছে না। মোকিদুল ইসলাম বলেন, ‘একটি ঘণ্টার ওপর দাঁড়িয়ে আছি। কোনো গাড়ি খুলনায় যাচ্ছে না। খুলনায় যাওয়ার কোনো উপায় করতে পারছি না।’

রুমি-রাধিকার মতো অনেকেই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিতে সাতক্ষীরায় আসেন। ধর্মঘটের কারণে অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ আছে।

আরও পড়ুন
পথঘাট চিনি না। এখানে পরিচিত লোকজন নেই। আমি এখন কী করব, বুঝতে পারছি না। একটা গাড়ির ব্যবস্থা না হলে সমস্যায় পড়ব।
ভারতের হুগলি থেকে আসা যাত্রী নরেশ চন্দ্র পাল

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের জুলাই মাসে অধিদপ্তর থেকে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। করোনার কারণে দুবার পরীক্ষা পেছাতে হয়। শেষমেশ আজ সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী থাকলেও ৫০ ভাগ চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

আজ শুক্রবার সকাল ছয়টা থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ২৩ অক্টোবর সকাল ছয়টা থেকে গণপরিবহন চালু হবে। বিএনপির দাবি, আগামীকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ আছে। ওই গণসমাবেশ বানচাল করতে ও বিপুল মানুষের উপস্থিতি ঠেকাতে ‘ষড়যন্ত্র’ করে এ ধর্মঘট ডাকা হয়েছে।

আরও পড়ুন

পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন ভারতের হুগলি থেকে বাংলাদেশে আসা নরেশ চন্দ্র পাল। বয়স ৭০ ছুঁই ছুঁই নরেশ খুলনা হয়ে যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আত্মীয়ের বাড়িতে। খুলনাগামী সব বাসের সঙ্গে ভাড়ায়চালিত প্রাইভেট কার বা মাইক্রোবাসও খুলনার দিকে যাচ্ছে না। সকাল সাড়ে ১০টা থেকে কয়েক ঘণ্টা চেষ্টা করেছেন, কিন্তু যাওয়ার কোনো উপায় করতে পারেননি।

নরেশ চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘পথঘাট চিনি না। এখানে পরিচিত লোকজন নেই। আমি এখন কী করব, বুঝতে পারছি না। একটা গাড়ির ব্যবস্থা না হলে সমস্যায় পড়ব।’

আরও পড়ুন

‘সড়ক-মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি-ইজিবাইকসহ সব অবৈধ যান চলাচল বন্ধ’-এর দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেয় খুলনা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতি। ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। ভোগান্তিতে পড়া যাত্রীরা মনে করছেন, খুলনায় বিএনপির গণসমাবেশে জনসমাগম ঠেকাতে এই ধর্মঘট ডাকা হয়েছে। তারই অংশ হিসেবে খুলনাগামী সব যাত্রীবাহী বাস বন্ধ। ভাড়ায়চালিত প্রাইভেট কার ও মাইক্রোবাসও খুলনায় যাচ্ছে না।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম প্রথম আলোকে বলেন, খুলনা থেকে ধর্মঘটের ডাক দেওয়ায় যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছে না। তবে যশোরের পাশাপাশি অভ্যন্তরীণ বাস চলাচল করছে। যদিও যাত্রী কম। সাতক্ষীরা থেকে যশোরে ১০ মিনিট পরপর যাত্রীবাহী বাস ছাড়লেও যাত্রী কম থাকায় ৩০-৪০ মিনিট পরপর বাস ছাড়তে হচ্ছে।

আরও পড়ুন