জামিন পেলেন বরিশালে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ চার নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র

পুলিশের করা নাশকতা মামলায় কারাবন্দী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ চার নেতাকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা তাঁদের জামিন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়া নেতারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান, মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী হায়দার, সদর উপজেলা বিএনপির সদস্য কাজী ফিরোজ আলম এবং দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ কোতোয়ালি মডেল থানা-পুলিশের নাশকতা মামলার আসামি হিসেবে কারাবন্দী ১৫ জনের জামিন আবেদন করেন আইনজীবীরা। তাঁদের মধ্যে চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি ১১ জনের জামিন নামঞ্জুর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দে বাদী হয়ে ওই মামলা করেন।

জামিন নামঞ্জুর হওয়া নেতারা হলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, নগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শামসুল আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হানিফ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাওলাদার, নগরের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আসলাম হাওলাদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মশিউর রহমান ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব শেখ সাব্বির।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দে বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলা আরজি সূত্রে জানা যায়, অবরোধের সমর্থনে ১ নভেম্বর নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ১৫ নেতা-কর্মীকে আটক করে।