ভৈরবে বাজারের নাম নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ২০

কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সোমবার দুপুরে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ২০টি রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেটের আঘাতে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক লাগোয়া আকবরনগর বাজার। বাজারে আকবরনগর ও মিরারচর গ্রামের ব্যবসায়ী বেশি। গত শনিবার সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ আকবরনগর বাজার লিখে বাজার এলাকায় একটি সাইনবোর্ড স্থাপন করে। এতে নাখোশ হন মিরারচর গ্রামের লোকজন। মিরারচরবাসীর প্রত্যাশা, আকবরনগর বাদ দিয়ে বাজারের নাম মিরারচর বাজার রাখা হোক। নতুবা যৌথভাবে আকবরনগর-মিরারচর বাজার লেখা হোক। এ নিয়ে দুই দিন ধরে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হচ্ছে। নিজেদের দাবি নিয়ে উভয় পক্ষ সওজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

এর মধ্যে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিরারচর গ্রামের কিছু মানুষ বাজারে এসে সাইনবোর্ডটি ভেঙে ফেলে উল্লাস করেন। এ বিষয়ে আকবরনগরবাসী প্রতিবাদ জানান। একপর্যায়ে উভয় পক্ষ দা ও বল্লম নিয়ে বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে।

এ সময় পাথরের আঘাতে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম, পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা, উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ও মাহাবুব আলম আহত হন। তাঁরা প্রত্যেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাবার বুলেটের আঘাতে আহত হওয়া উমর ফারুক (২০), সোহরাব হোসেন (২৫), জুয়েল মিয়া (২৮) ও আসাদ মিয়া (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁরা মিরারচর গ্রামের বাসিন্দা।

কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া বলেন, ‘বাজারটির নামকরণ নিয়ে দুই গ্রামের উত্তেজনা নতুন নয়। আগেও সংঘর্ষ হয়েছে। ইস্যুটির স্থায়ী সমাধান না হলে দুই গ্রামের মানুষের মনের দূরত্ব আরও বড় হবে।’

সরকারি সাইনবোর্ডে বাজারের নাম আকবরনগর লেখার কারণ জানিয়ে সড়ক ও জনপথ ভৈরব কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী উসমান মিয়া বলেন, বাজারের স্থানটি আকবরনগর মৌজায়। সুতরাং নামকরণ আকবরনগর হওয়া প্রাসঙ্গিক। তাঁরা নিয়ম অনুযায়ী সাইনবোর্ডে আকবরনগর লিখেছেন।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। পরিস্থিতি এখন শান্ত।