কাপাসিয়ায় বাবার কবরের পাশে শায়িত সাংবাদিক মঞ্জুর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুর হোসেনের জানাজায় অংশ নেন তাঁর বন্ধু, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাপাসিয়ার পাবোর উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরের কাপাসিয়া উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুর হোসেনকে (মিলন) তাঁর বাবার কবরের পাশে শায়িত করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় কবরস্থানের পাশে ও সড়কে তাঁর বন্ধু, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান।

এর আগে গতকাল রাত সাড়ে ৯টার দিকে মঞ্জুর হোসেনের বাড়িসংলগ্ন পাবোর উচ্চবিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তাঁর ভাই, পরিবারের লোকজনসহ স্বজন ও পাড়াপ্রতিবেশীরা অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানসহ আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাংবাদিক সহকর্মীরা।

আরও পড়ুন

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে একটি বালুভর্তি ট্রাকের চাপায় নিহত হন মঞ্জুর হোসেন (৫৮)। তিনি গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গাজীপুর দর্পণ-এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়ার গাজীপুর প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তাঁর সাংবাদিকজীবনের শুরু ১৯৯০ সালের দিকে। এরপর বিভিন্ন সময় দৈনিক দিনকাল, দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। তাঁর বাড়ি কাপাসিয়া উপজেলার পাবোর গ্রামে।

স্বজনেরা জানিয়েছেন, কাজের সূত্রে মঞ্জুর হোসেন গাজীপুর শহরে থাকতেন। গতকাল সকালে শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেন তিনি। কাপাসিয়া উপজেলার কাপাসিয়া-ভাকুয়াদি সড়কের কোটবাজালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তাঁর শরীরের বেশির ভাগ অংশ ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

তবে তাঁর স্ত্রী রিমিন আক্তারের অভিযোগ, এটা পরিকল্পিত হত্যা। তাঁর স্বামীকে ইচ্ছাকৃতভাবে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।