দুধ পান করাতে গিয়ে ঘুমিয়ে পড়েন মা, উঠে দেখেন দুই সন্তান নেই, পরে পাওয়া গেল লাশ
নড়াইল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে মুষড়ে পড়েছে পরিবার।
মারা যাওয়া ওই দুই শিশুর নাম আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের সন্তান।
পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েছিলেন তাদের মা। সেই সুযোগে কোনো একসময় ঘর থেকে বাইরে খেলতে চলে যায় আবু বক্কর ও ওমর ফারুক। সকাল ১০টার দিকে তাদের মায়ের ঘুম ভাঙে। এ সময় দুই সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের একটি পুকুরে খুঁজতে নামেন স্থানীয় বাসিন্দারা। তখন পুকুর থেকে আবু বক্কর ও ফারুককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই বেদনাদায়ক। ঘটনাস্থলে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।