মোহনগঞ্জে দলীয় কার্যালয়ে সভা থেকে বিএনপির ৬ নেতা গ্রেপ্তার, ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ পৌর শহরের নোহাল এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা চলাকালে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় বিএনপির কার্যালয় থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল এবং বেশ কিছু লাঠি ও ইট-পাথরের টুকরা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নেতারা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সদস্যসচিব টিপু সুলতানসহ মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিড়ামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব তফাজ্জল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে ৪ ফেব্রুয়ারি শনিবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে মোহনগঞ্জ উপজেলা বিএনপি গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করে। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছয় নেতাকে গ্রেপ্তার করে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা নাশকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে। পরে গতকাল রাতেই পুলিশ বাদী হয়ে মোহনগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারা ও বিস্ফোরক আইনের ৪ ধারায় মামলা করলে ওই ৬ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে নির্মূলের জন্য রাষ্ট্রযন্ত্র পুলিশকে ব্যবহার করছে। এভাবে নেতা-কর্মীদের আটক করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। গ্রেপ্তার নেতা-কর্মীদের তিনি নিঃশর্ত মুক্তির দাবি জানান।