ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলা বাড়লেও মহাসড়কে চলাচল করা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে শহর–সংলগ্ন করোতোয়া সেতুতে
ছবি: প্রথম আলো

হেমন্তের শেষ দিকে এসে উত্তরের জেলা পঞ্চগড় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। গতকাল বুধবার রাতভর বৃষ্টির মতো টিপ টিপ করে ঝড়েছে কুয়াশা। যার রেশ ছিল আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত। এতে বেলা বাড়লেও মহাসড়কে চলাচল করা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়। আজ সকালে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তবে এর আগে গত শনিবার থেকে গতকাল পর্যন্ত টানা পাঁচ দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই পাঁচ দিন তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।

কনকনে শীতের কারণে দিনমজুরদের সকালে কাজে যেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে
ছবি: প্রথম আলো

এবার শরতের শেষ দিকে এসে উত্তরের এই জনপদে দেখা দিয়েছিল ঘন কুয়াশা। তবে পুরো হেমন্তজুড়ে দিন দিন তাপমাত্রা কমতে থাকলেও কুয়াশার পরিমাণ ছিল খুবই কম। হেমন্তের শেষ প্রান্তে এসে গত দুই দিনের ঘন কুয়াশা জানান দিচ্ছে হাড়কাঁপানো শীতের অনুভূতি। কনকনে শীতের কারণে দিনমজুরদের সকালে কাজে যেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বড় যানগুলোকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

আজ সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ফুটকীবাড়ি এলাকা থেকে পঞ্চগড় শহরে আসেন নজরুল ইসলাম (৫৫)। তিনি বলেন, ‘এবার গোটা অগ্রহায়ণ মাস চলে গেল, তেমন শীত বুঝা যায়নি। কিন্তু আজকে কুয়াশায় ১০ হাত দূরেও দেখা যায় না। গরম কাপড়চোপড় পড়েও কনকনে ঠান্ডা লাগছে।’

তালমা নদীতে বালু তোলার কাজ করেন জহিরুল ইসলাম (৪২)। তিনি বলেন, ‘আমরা প্রতিদিন সকাল সকাল পানিতে নেমে কাজ শুরু করি। কিন্তু আজ কুয়াশা বেশি, ঠান্ডাও বেশি। পানিতে বেশিক্ষণ থাকলে ঠান্ডায় হাত-পা জড়ো হয়ে আসে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বর্তমানে তেঁতুলিয়ার আকাশে সামান্য মেঘ ও ঘন কুয়াশা আছে। ঘন কুয়াশার কারণে রোদের তীব্রতা কম, এ জন্যই শীত বেশি অনুভূত হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে এই এলাকায় দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।