জয়পুরহাটে একই ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে দুজনের মৃত্যু
জয়পুরহাটে পৃথক দুটি স্থানে একই ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় ও জয়পুরহাট সদর উপজেলার তেঘর উচ্চবিদ্যালয় এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন দুর্গারানী (৭০)। তাঁর বাড়ি জয়পুরহাট শহরের চিত্রাপাড়া মহল্লায়। জয়পুরহাট সদর উপজেলার তেঘর উচ্চবিদ্যালয় এলাকায় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আজ সকাল ৯টার দিকে যাওয়ার পর পাঁচবিবির বাগজানা এলাকায় ট্রেনে কাটা পড়া একজনের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ট্রেনটি জয়পুরহাট সদর উপজেলার তেঘর উচ্চবিদ্যালয় এলাকা পার হওয়ার পর দুর্গারানীর লাশ পাওয়া যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃদ্ধার লাশ তাঁর বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা। পাঁচবিবিতে কাটা পড়া ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিত হতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটকে জানানো হয়েছে।