লক্ষ্মীপুরে ইউপি সদস্য ওমর ফারুক হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুক হত্যা মামলায় মো. আমিন হোসেন (৩৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।

আমিন হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের বশির উল্যার ছেলে। রায় ঘোষণার সময় আমিন হোসেন আদালতে উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ৩১ মার্চ রাতে ইউপি সদস্য ওমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ মার্চ রাতে ওমর ফারুক শ্যামগঞ্জের পাটওয়ারী হাটবাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে বাজারের পূর্ব পাশে বুড়ি বাড়ির পুকুরপাড়ে আমিন হোসেন ফারুককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফারুককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে ফারুকের অবস্থার অবনতি হলে তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

পরে ওই দিন রাতেই নিহত ব্যক্তির স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আটজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামসুল আরেফিন ২০১৮ সালের ২৯ আগস্ট আদালতে আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তবে তদন্তের সময় আমিন হোসেন ছাড়া মামলার অন্য আসামিদের নাম বাদ যায়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি আমিন হোসেনের মৃত্যুদণ্ড দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে। আদালতে সেটি প্রমাণিত হয়েছে। মামলার শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আমিন হোসেনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।