চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটে খাজনা আদায়ের নামে নৈরাজ্য চলছে। পশু কেনাবেচায় সরকারি নির্দেশনা অমান্য করে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রসিদ লেখকের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করা হলেও রসিদে টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে না বলে জানিয়েছেন ক্রেতারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শতবর্ষের ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে গরু-মহিষপ্রতি সর্বোচ্চ ৬০০ এবং ছাগল-ভেড়াপ্রতি সর্বোচ্চ ১৪০ টাকা খাজনা আদায়ের নির্দেশনা রয়েছে। তবে সেই নির্দেশনা অমান্য করে গরু-মহিষপ্রতি ৮৩০ টাকা এবং ছাগল-ভেড়াপ্রতি ৫৩০ টাকা পর্যন্ত খাজনা আদায় করা হচ্ছে।
ডুগডুগি পশুহাটটি ইজারা দেওয়ার পরিবর্তে কয়েক বছর ধরে খাজনা আদায় করা হয়ে থাকে। দাপ্তরিক কাগজপত্রে হাউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) রকিব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হলেও ক্ষমতাসীন দলের নেতারা হাট থেকে খাজনা আদায় করে থাকেন। গতকাল সোমবার সেখানে মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনসহ হাট সংশ্লিষ্টদের দেখতে পাওয়া যায়।
ভূমি সহকারী কর্মকর্তা রকিব উদ্দিন দাবি করেন, হাটের বিষয়টি ইউএনও কার্যালয় থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এ জন্য তিনি প্রশাসনিক কর্মকর্তা ফয়জুল ইসলামের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন।
প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম বলেন, ডুগডুগি পশুহাটে বাড়তি টাকা আদায়ের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আদায়কারীদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিকেলে এই প্রতিবেদকের সামনে বাড়তি টাকা আদায় করা হয়েছে—এমন অভিযোগ করা হলে প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘কিছুক্ষণ আগে বারণ করেছি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আর বাড়তি টাকা আদায় হচ্ছে না।’ প্রশাসনিক কর্মকর্তার ওই বারণের পরও বাড়তি টাকা আদায় করতে দেখা যায়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ডুগডুগি পশুহাটে বাড়তি খাজনা আদায়ের বিষয়টি তাঁকে কেউ জানাননি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বিকেলে সরেজমিন ডুগডুগি পশুহাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সদর উপজেলার গড়াইটুপি ইউপির সদস্য ফারুখ হোসেন ১ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে কোরবানির জন্য একটি গরু কিনেছেন। তিনি জানান, খাজনা বাবদ তাঁকে মোট ৮৩০ টাকা দিতে হয়েছে। ফারুখ বলেন, ‘রসিদ লেখকেরা রসিদে টাকার অঙ্ক না বসিয়েই পুরো ৮৩০ টাকা আদায় করেন। টাকার অঙ্ক লিখতে বললে রসিদ লেখায় জড়িত ব্যক্তিরা জানান, কর্তৃপক্ষের বারণ আছে।’
ডুগডুগি পশুহাটের পাশেই বাড়ি মোহাম্মদ আজিজের। এই কৃষক কোরবানির জন্য ১১ হাজার টাকা দিয়ে একটি ছাগল কিনেছেন। খাজনা বাবদ তাঁর কাছ থেকে আদায় করা হয়েছে ৫৩০ টাকা। মোহাম্মদ আজিজের অভিযোগ, সরকার–নির্ধারিত টাকার চেয়ে প্রায় চার গুণ টাকা একপ্রকার জোর করেই আদায় করলেও যেন দেখার কেউ নেই।
সদর উপজেলার গহেরপুর গ্রামের লাল মোহাম্মদ বাড়িতে পালন করার জন্য ৬৩ হাজার টাকা দিয়ে একটি বাছুর কিনেছেন। গাইদঘাট গ্রামের ঝন্টু মিয়া ৬৪ হাজার টাকা দিয়ে কিনেছেন একটি বাছুর। তাঁদের কাছ থেকেও ৮৩০ টাকা হারে খাজনা আদায় করা হয়েছে। অন্য ক্রেতারাও একই অভিযোগ করেন।
দীর্ঘদিন এই হাটে পশু কেনাবেচায় নিয়োজিত কয়েকজন ব্যাপারী বলেন, আগে গরু-মহিষপ্রতি সর্বোচ্চ ৫০০ টাকা হারে আদায় করা হতো। পবিত্র রোজার মাস থেকে তা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়। এবার কোরবানি উপলক্ষে গত হাট (১২ জুন) থেকে গরুপ্রতি ২০০ টাকা বাড়িয়ে ৮০০ টাকা এবং রসিদ লেখার খরচ বাবদ ৩০ টাকা যোগ করা হয়েছে। বাড়তি খাজনার বিষয়ে জানতে চাইলে তাঁদের জানানো হয়েছে, ঈদের বোনাস নেওয়া হচ্ছে।
কয়েকজন রসিদ লেখকের কাছে বাড়তি টাকা আদায়ের প্রসঙ্গে জানতে চাইলে তাঁরা দাবি করেন, নিয়োগকারী কর্তৃপক্ষ যেভাবে বলেছে, সেভাবে তাঁরা কাজ করছেন।