নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

লাশপ্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চবিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে। পুকুরটি সেচতে গিয়ে কচুরিপানার নিচে এ লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে পুকুরটি থেকে মাছ ধরতে সেচপাম্প বসানো হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে পানি কমে গেলে স্থানীয় বাসিন্দারা এতে মাছ ধরার প্রস্তুতি নেন। পরে এ লাশ দেখতে পান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, লাশটি অন্তত ২০ থেকে ২৫ দিন আগের। অর্ধগলিত হওয়ায় তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা হত্যার পর ওই ব্যক্তির লাশ পুকুরটিতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।