চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের সম্মেলনে মঞ্চে বসা নিয়ে সংঘর্ষ

দুই পক্ষের সংঘর্ষ চলাকালে। আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক মাঠে
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মঞ্চে বসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন পণ্ড হয়েছে। আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা কৃষক লীগের নেতা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্মেলনের মঞ্চে প্রথম সারিতে বসা জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোখলেসুর রহমানকে পেছনে বসতে বলা হয়। তিনি দ্বিতীয় সারিতে বসতে গেলে তাঁকে আবারও পরের সারিতে বসতে বলা হয়। এ সময় তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে মঞ্চে উঠে চেয়ার ছুড়ে ফেলতে শুরু করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদের কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রথম অধিবেশন স্থগিত ঘোষণা করেন। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ।

জেলা কৃষক লীগের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম বলেন, মঞ্চে বসাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ ও পৌর মেয়র মোখলেসুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সম্মেলনস্থলে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। হঠাৎ ককটেল বিস্ফোরণে ছোটাছুটি শুরু হয়। সম্মেলনস্থল ফাঁকা হয়ে যায়। পুলিশ পাহারায় কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে যান।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান বলেন, ‘সম্মেলন পণ্ড করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আগের দিন রাতে একটি পক্ষ আমাকেও মারধর করেছে।’

সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পুলিশ যায়। আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক মাঠে
ছবি: সংগৃহীত

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মোকলেসুর রহমান, আবদুল ওদুদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধরণ সম্পাদক সামিল উদ্দিন আহমেদের মুঠোফোনে কলা করা হলে তাঁরা কল ধরেননি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, মঞ্চে বসাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্মেলনস্থলের বাইরে রাস্তার ওপর চার-পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।