ফটিকছড়িতে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালককে হত্যা, পাওয়া যায়নি মোটরসাইকেল
চট্টগ্রামের ফটিকছড়িতে এক উবারচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়ি চা–বাগান থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত উবারচালকের নাম মুজিবুর রহমান (২৮)। তিনি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে। পুলিশের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় তাঁর মোটরসাইকেল পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুজিবুর রহমান মোটরসাইকেলে যাত্রী আনা–নেওয়া করতেন। গতকাল শনিবার রাতেও তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়েছেন। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে রাস্তার পাশে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
জানতে চাইলে কাঞ্চননগর ইউনিয়নের সাবেক সদস্য আবু তাহের প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, যাত্রী পরিচয়ে মোটরসাইকেলে উঠেছিল হত্যাকারীরা। পরে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিতে হত্যা করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পেরেছি। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’