উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় তিন রোহিঙ্গার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোররাতে পাহাড় ধসের খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে সরকারি পাহাড় কাটার সময় মাটি ধসের ঘটনায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুহুরী পাড়াতে এ ঘটনা ঘটেছে।

নিহত রোহিঙ্গারা হলেন উখিয়ার বালুখালীর ১৪ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে জাহেদ হোসেন (২২), ১৭ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে নুর কবির (৩০) ও ১৯ নম্বর আশ্রয়শিবিরের মো. ওয়ারেসের ছেলে সৈয়দ আকবার (৩৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, অবৈধভাবে ওই সরকারি পাহাড় কাটার জন্য আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শ্রমিকেরা পাহাড় কাটা শুরু করেন। এর কিছু সময় পর উঁচু পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটিচাপায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তিন যুবকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাহাড় নিধনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মুহুরীপাড়ার সরকারি পাহাড় কাটার জন্য স্থানীয় আবদুল মান্নান ও নেছার আহমদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ৩০-৩২ জন রোহিঙ্গা শ্রমিক নিয়োগ দেন। কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে পাহাড় নিধন চলছিল। এতে পাহাড়ের ওপর বসবাসরত কয়েকটি পরিবারের বসতিও ধসের ঝুঁকিতে পড়ে। স্থানীয় লোকজন পাহাড় নিধনের ঘটনা বন বিভাগকে অবহিত করলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আজ ভোররাতে পাহাড় ধসের খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সকাল সাতটার দিকে তিন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক এমদাদুল হক বলেন, পাহাড় ধসের সময় মাটিচাপায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মাটি সরিয়ে লাশ উদ্ধার করতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।

পাহাড় নিধনের ঘটনাটি জানা ছিল না দাবি করে উখিয়া বন বিট কর্মকর্তা গাজী মো. শফিউল আজম বলেন, পাহাড় নিধনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।

স্থানীয় লোকজন জানান, পাহাড়কাটার মাটি ডাম্প ট্রাকে বোঝাই করে নিয়ে যেতেন স্থানীয় বালু ব্যবসায়ী ভুলু ও নুর মোহাম্মদ নামের দুই ব্যক্তি। এ ঘটনার পর থেকে তাঁরা আত্মগোপনে চলে গেছেন।