ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। ঢাকা–আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় মঙ্গলবার সকালে
ছবি: প্রথম আলো

ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত পোশাক শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিদের সবাই ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁদের বাড়ি মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় বাসের চালক ও কাভার্ড ভ্যানের চালকও আহত হয়েছেন।

গোলড়া হাইওয়ে থানা-পুলিশ, আহত শ্রমিক এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে একটি বাসে মানিকগঞ্জের দৌলতপুর ও ঘিওর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক শ্রমিক কর্মস্থল ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে সকাল আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে শ্রমিকবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫১ জন শ্রমিক আহত হন। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা আহত শ্রমিকদের উদ্ধার করে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জুলহাস উদ্দিন বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বাসচালক আবুল কাশেম (৪৫) এবং পোশাকশ্রমিক আজিমুল হককে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি আহত পোশাকশ্রমিক আফরোজা আক্তার ও সায়মন বেগম বলেন, কাভার্ড ভ্যানের চালক সামনের একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করার চেষ্টা করে। এ সময় তাঁদের বহনকারী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট অরবিন্দ সেন বলেন, এ ঘটনায় স্থানীয় ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে।