সংস্কারের ১৫ মাস না যেতেই সড়ক বেহাল
ডাকবাংলা-কালীগঞ্জ বাজার সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অনেক স্থান থেকে পিচ-পাথর উঠে গেছে।
প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে ১৫ মাস আগে। এরই মধ্যে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়কটির অনেক স্থান থেকে পিচ-পাথর উঠে গেছে। সামান্য বৃষ্টি হলেই যানবাহন ও পথচারী চলাচল দায় হয়ে যায়। এই পরিস্থিতি ঝিনাইদহের ডাকবাংলা-কালীগঞ্জ বাজার (ভায়া বাজার গোপালপুর) সড়কের।
ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে গান্নাবাজার, গোপালপুর হয়ে ডাকবাংলা বাজার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক সংস্কার হয় সড়ক ও জনপথ বিভাগের অধীন। ২০ কোটি ৫৪ লাখ টাকায় কাজটি পায় খুলনার মোজাহার এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেড। ২০১৯ সালে শুরুর দিকে সড়কের সংস্কারকাজ শুরু হয়। শেষ হয় ২০২০ সালের ২৭ মে। বর্তমানে এটি ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। যশোর থেকে ঝিনাইদহ হয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর যেতে এই সড়ক ব্যবহৃত হয়।
সরেজমিনে দেখা গেছে সড়কটির পূর্ব প্রান্ত ঢাকা-খুলনা মহাসড়কের সংযোগস্থান কালীগঞ্জের নিমতলা বাসস্ট্যান্ড থেকেই সড়ক বেহাল হতে শুরু করেছে। নিমতলা থেকে আলাইপুর পর্যন্ত একাধিক স্থান ভেঙে গেছে। এর মধ্যে নিমতলা, শ্রীরামপুর, আলাইপুর এলাকায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। ছয় মাস আগে এসব গর্ত দেখা দিলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।
ওই সড়কে ইজিবাইক চালান আলম হোসেন। তিনি বলেন, অনেক দিন পর অনেক টাকা খরচ করে সড়ক নির্মাণ করা হলো। কাজ নিম্নমানের হওয়ায় অল্প দিনেই তা নষ্ট হয়ে গেল।
মনিরুল ইসলাম নামের একজন ভ্যানচালক বলেন, সড়কটি সংস্কারের পর ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। খুলনা ও যশোর থেকে অনেক গাড়ি এই সড়কের নিমতলা থেকে গোপালপুর হয়ে চলে যাচ্ছে। সড়কটি দ্রুত ভেঙে গেছে। চলাচলে সমস্যা হচ্ছে।
সড়কের পাশের বাসিন্দা শ্রীরামপুর গ্রামের ঝুমুর আলী বলেন, সড়কটির কাজ শুরু থেকেই নিম্নমানের হয়েছে। শুরুর সময়ই একদফা পিচ–পাথর উঠে যায়। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল। কর্তৃপক্ষ ঠিকাদারকে সেসব স্থান মেরামতের সুযোগ দিয়ে কাজটি শেষ করেন। তখন পিচ-পাথর তুলে ভালোভাবে কাজ করা হলে এই অবস্থা হতো না। সেসময় যে স্থানগুলোতে পিচ-পাথর উঠে গিয়েছিল, সেই স্থানগুলো ভেঙে যাচ্ছে। অনেক স্থানে পিচ-পাথর জমাট বেঁধে উঁচু হয়ে আছে। ৬ মাস আগে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই।
সড়ক বিভাগের একটি সূত্র বলছে, পিএমপি (প্রিয়ডিক মেন্টেনেস প্রোগ্রাম) প্রকল্পের কাজে তিন বছর পর্যন্ত দায়িত্ব থাকে ঠিকাদারের ওপর। এই সময়কালে সড়কের কোনো ক্ষতি হলে তা মেরামত ঠিকাদারকেই করে দিতে হয়। এই কাজের ক্ষেত্রে সেটাই হবে। এখনো দেড় বছর ঠিকাদারকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। ভেঙে যাওয়া স্থানগুলো ঠিকাদারকেই মেরামত করতে হবে।
এ বিষয়ে ঠিকাদার মিজানুর রহমান বলেন, সড়কটির কয়েকটি স্থানে সমস্যা দেখা দিয়েছে। দ্রুতই সড়কটি মেরামত করা হবে।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) মুকুল জ্যোতি বসু বলেন, ঠিকাদারকে সড়কের বিষয়টি জানানো হয়েছে। তিনি দ্রুত মেরামত করে দেবেন বলে জানিয়েছেন।