প্রতিবেশী নারীর ঘরের চালের ড্রাম থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্প্রতিবন্ধী শিশুটিকে ‘পাগল’ বলে ডাকত সানজিদা জান্নাত নামের চার বছর বয়সের আরেকটি শিশু। এতে ক্ষুব্ধ ছিলেন প্রতিবন্ধী শিশুটির মা আঞ্জুয়ারা বেগম (৪০)। সানজিদাকে আপেল দেওয়ার কথা বলে আঞ্জুয়ারা তাকে বসতঘরের ভেতরে ডেকে নিয়ে যান। গতকাল শনিবার রাত ১১টার দিকে আঞ্জুয়ারার ঘরের চালের ড্রাম থেকে সানজিদার লাশ উদ্ধার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ আঞ্জুয়ারাকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য সানজিদার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে, সানজিদাকে গলা টিপে হত্যা করে লাশ চালের ড্রামে লুকিয়ে রাখেন আঞ্জুয়ারা।

নিহত সানজিদা যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের সোহেল রানার মেয়ে। সোহেল রানা ইমারত নির্মাণশ্রমিক। সানজিদা তাঁর একমাত্র সন্তান। আঞ্জুয়ারা বেগম শার্শা উপজেলার পুটখালী উত্তরপাড়া গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। সম্প্রতি তিনি পতেঙ্গালী গ্রামে এসে ভাড়া বাড়িতে থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় সানজিদা নিখোঁজ হয়। স্বজনেরা সন্ধ্যা পর্যন্ত সানজিদাকে বাড়ির আশপাশের পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সন্ধ্যা ছয়টায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। খোঁজাখুঁজি ও জিডি করার সময়ে সানজিদার পরিবারের লোকজনের সঙ্গে প্রতিবেশী আঞ্জুয়ারাও ছিলেন। আঞ্জুয়ারার গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সানজিদাকে ডেকে নিয়ে হত্যার কথা স্বীকার করেন আঞ্জুয়ারা। পরে পুলিশ তাঁর ঘরের চালের ড্রাম থেকে সানজিদার লাশ উদ্ধার করে।

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঞ্জুয়ারা বেগম স্বীকার করেছেন, আপেল দেওয়ার কথা বলে তিনি শিশু সানজিদাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে যান। এরপর সানজিদাকে তিনি আপেল খাওয়ান। পরে সানজিদার হাত-পা বেঁধে মুখের ভেতরে ওড়না গুঁজে দিয়ে গলা টিপে শ্বাসরোধে তাকে হত্যা করেন এবং লাশ চালের ড্রামে লুকিয়ে রাখেন।

কেন আঞ্জুয়ারা ওই শিশুকে হত্যা করতে যাবেন, এমন প্রশ্নের উত্তরে এসআই মফিজুল ইসলাম বলেন, আঞ্জুয়ারা দুটি কারণে সানজিদাকে হত্যা করতে পারেন। একটা হলো আঞ্জুয়ারার বাক্‌প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। খেলার সময় তাঁর ছেলে সানজিদাকে প্রায় মারধর করত। এতে সানজিদা রেগে গিয়ে তাকে ‘পাগল’ বলে ডাকত। এতে আঞ্জুয়ারা খারাপভাবে প্রতিক্রিয়া দেখাতেন। ছেলের এই অপমানে মনস্তাত্ত্বিকভাবে ‘সাইকো’ হয়ে যান আঞ্জুয়ারা। অপর কারণটি হলো সানজিদার মা শরিফা বেগম একসময় পুটখালীতে থাকতেন। অতীত ঘটনা নিয়ে আঞ্জুয়ারার সঙ্গে শরিফার কোনো একটা দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের জেরে শরিফার মেয়ে সানজিদাকে হত্যা করতে পারেন আঞ্জুয়ারা।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার আজ রোববার দুপুরে বলেন, আপেল খাওয়ানোর পর ঠান্ডা মাথায় শিশু সানজিদাকে শ্বাসরোধে হত্যা করেন আঞ্জুয়ারা। তাঁর ঘরের চালের ড্রাম থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।