মধুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
টাঙ্গাইলের মধুপুরে মনি মিয়া (১৪) নামের এক কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার গোলাবাড়ি সেতুর পাশ থেকে ওই অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা মনি মিয়াকে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে।
মনি মিয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবায়রা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকে মনি মিয়ার অটোরিকশার সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিহত কিশোরের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মনি মিয়া গতকাল শনিবার ঈদের দিন দুপুরে অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে মধুপুর-জামালপুর সড়কের গোলাবাড়ি সেতুর পাশে স্থানীয় লোকজন মনির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তবে এ সময় সেখানে কোনো অটোরিকশা ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় ওই কিশোরকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।