গাজীপুরে শালবনে টিকটক ভিডিও করতে গিয়ে মিলল অর্ধগলিত লাশ
গাজীপুরে শালবনে কয়েকজন কিশোর টিকটক ভিডিও করতে গিয়ে অর্ধগলিত একটি লাশ দেখতে পায়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিকে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে লাশটি দেখা যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সদর উপজেলার বিকে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে শালবানের ভেতর বেশ কয়েকজন কিশোর টিকটকের ভিডিও করতে যায়। শুটিং করার সময় বনের ভেতরে তীব্র দুর্গন্ধ নাকে আসে। পরে তারা সামনে এগিয়ে মাটিতে চাপা দেওয়া ও কিছু অংশ বের হওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। তারা দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর থানা-পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
টিকটক ভিডিও করতে যাওয়া কিশোরেরা বলে, তারা বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করে। শালবনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পায়। পরে তারা মাটির নিচে চাপা দেওয়া একটি লাশ দেখতে পায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ২০ থেকে ২২ দিন আগে হত্যা করে ওই বনে লাশ মাটিচাপা দিয়ে পালিয়েছে।