বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় এল বিদেশি জাহাজ

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরের জেটিতে বিদেশি জাহাজছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণসামগ্রী নিয়ে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি এভার ভেনটেজ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে পানামার পতাকাবাহী এই জাহাজ। এরপর বেলা দুইটা থেকে জাহাজটি থেকে নির্মাণসামগ্রী খালাস শুরু হয়।

খালাসের পর নির্মাণসামগ্রী নদীপথে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে নেওয়া হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী। তিনি বলেন, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি এভার ভেনটেজ। মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভেড়ার পর দুপুর থেকে জাহাজটি থেকে মালামাল খালাস শুরু হয়।

শওকত আলী জানান, জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী) এসেছে। খালাসের পর মালামাল নৌযানে করে নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজের সব মালামাল খালাস করতে তিন থেকে চার দিন লাগতে পারে।

এর আগে ১৭ মে এমভি সান ইউনিটি, ৫ মার্চ এমভি হাইডং-০৯ ও ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

২০২০ সালের ২৯ নভেম্বর ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের রেলসেতুর নির্মাণকাজের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের মার্চে সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়। এখন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৬৫ শতাংশ। সব ঠিক থাকলে ২০২৪ সালের ডিসেম্বরে এই সেতুর ওপর দিয়ে ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।