মামলায় জব্দ দলিল দিয়ে কোটি টাকার জমি বিক্রি

সাবরেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে এই জালিয়াতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ জমির মালিকের।

  • দলিলে আমমোক্তার দাতা হিসেবে যে ছয়টি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে, সেগুলো বাতিল করেছে নির্বাচন কমিশন।

  • জব্দ তালিকার আমমোক্তারনামা কীভাবে এই জালিয়াতচক্র ব্যবহার করতে পারল, সেটা প্রশ্ন হয়ে উঠেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ায় একটি মামলার পরিপ্রেক্ষিতে জব্দ আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) ব্যবহার করে কোটি টাকার বেশি দামের একটি জমি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অথচ আমমোক্তারনামায় ব্যবহৃত ছয়টি জাতীয় পরিচয়পত্রই ভুয়া হওয়ায় বাতিল করেছে নির্বাচন কমিশন। সাবরেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে এই জালিয়াতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ জমির মালিকের।

কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রারের কার্যালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ নভেম্বর শহরের পূর্ব মজমপুরের বাসিন্দা মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে আসাদুর রহমান ‘ভুয়া’ আমমোক্তারনামা ব্যবহার করে বিক্রেতা বা দাতা সেজে দুটি দলিল সম্পাদন করেন। এই দুটি দলিলের (১২২৪৬ থেকে ১২২৪৭/২২) মাধ্যমে চৌড়হাস মৌজার আরএস খতিয়ান নম্বর ২৪৯ এবং দাগ নম্বর ৮১৩৩, ৮১৩২/৮১৬৯–এর প্রায় ৬৪ শতাংশ জমি বিক্রি করে দেন। দুটি দলিলের গ্রহীতা হিসেবে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের শাহারুল ইসলামের ছেলে মোকাদ্দেস আলী এবং কামালপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুন দাতা আসাদুর রহমানকে ১ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেন।

উনি (সাবরেজিস্ট্রার) আরও তৎপর হলে এমনটি হতো না। ভুক্তভোগী যদি উচ্চপর্যায়ে অভিযোগ দেন, তবে অবশ্যই এর একটা সুরাহা হবে।
ইব্রাহিম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার কার্যালয়

জমিটির প্রকৃত মালিক শহরের এনএস রোডের বাসিন্দা প্রয়াত আবদুল হাকিমের ছেলে এম এম এ ওয়াদুদ। তিনি অভিযোগ করেন, তাঁর ও তাঁর পরিবারের বাকি পাঁচ সদস্যের ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রি অফিসে ৬৫৩৫/২০১৯ নং আমমোক্তার দলিল তৈরি করেন আসাদুর রহমান।

ওই দলিলে আমমোক্তার দাতা হিসেবে যে ছয়টি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে, সেগুলো বাতিল ঘোষণা করে ২০২০ সালের ৬ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। জালিয়াতির ঘটনায় মামলা হলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০২০ সালের ৯ নভেম্বর কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড বিভাগ থেকে ৬৫৩৫/ ২০১৯ নম্বর আমমোক্তারনামার দলিলটি জব্দ দেখায়। দলিলটি সাবরেজিস্ট্রার কার্যালয়েই রাখা হয়। সেই জব্দ তালিকায় থাকা আমমোক্তারনামা কীভাবে এই জালিয়াতচক্র ব্যবহার করতে পারল, সেটা প্রশ্ন হয়ে উঠেছে।

কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন বলেন, দলিলগুলো আদালত বাতিল করলে নামজারি আর হবে না। মামলা চলমান থাকায় এবং এনআইডি জালিয়াতির প্রমাণ পাওয়ায় মোকাদ্দেস আলী এবং নুরুন্নাহার খাতুনের নামজারির আবেদন নামঞ্জুর করা হয়।

এদিকে জোর করে জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে মোকদ্দেস আলী ও নুরুন্নাহার খাতুনের বিরুদ্ধে। জমি নিয়ে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এম এম এ ওয়াদুদ। তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে গত ২৪ নভেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ (প্রথম) আদালতে একটি নালিশি মামলা করেছেন। সর্বশেষ গত ১১ জানুয়ারি বাদীর আবেদনে বিবাদীদের ওপর এই সম্পত্তিতে প্রবেশ, দখল, হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি আসাদুর রহমান গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারও জালিয়াতি শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানতে চাইলে আসাদুর রহমান বলেন, ‘ওয়াদুদই সঠিক নয়। তিনিই নাম জালিয়াতি করে থাকেন। আমি এনআইডির মাধ্যমে কয়েকজনের কাছ থেকে জমির পাওয়ার অব অ্যাটর্নি নিয়েছি। এনআইডির কী অবস্থা, সেটা নির্বাচন কমিশন বলতে পারবে।’

এম এম এ ওয়াদুদ বলেন, কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে জাল দলিলের মাধ্যমে তাঁর পরিবারের ১০ কোটি টাকা মূল্যের জমি মাত্র এক কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এমন জালিয়াত চক্রের তৎপরতায় তিনি পরিবার ও জানমালের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার মধ্যে রয়েছেন।

কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রার (সম্প্রতি বদলি) সুব্রত কুমার সিংহ বলেন, আমমোক্তারনামার ভিত্তিতে জমি দলিল হয়েছে। সেই আমমোক্তারনামা জব্দ হওয়া মানে তা আর ব্যবহারযোগ্য হবে না। দলিলটি বাতিল হয়ে গেলে এর ভিত্তিতে সম্পন্ন পরবর্তী সব দলিলই বাতিল হয়ে যাবে।

বিভিন্ন কারণে অনেক কিছু অজানা থাকার কারণে অনেক কিছু হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, ‘জাতীয় পরিচয়পত্র যাচাই করার কোনো সুযোগ নেই। যে অভিযোগটা আসছে, সেই দলিল সম্পাদনে কোনো ত্রুটি নাই। আইনগতভাবে সম্পন্ন করেছি।’

জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেন, ‘উনি (সাবরেজিস্ট্রার) আরও তৎপর হলে এমনটি হতো না। ভুক্তভোগী যদি উচ্চপর্যায়ে অভিযোগ দেন, তবে অবশ্যই এর একটা সুরাহা হবে।’