২৪টি লেগুনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আটকে রেখেছেন ছাত্রলীগের নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে রাখা ২৪টি লেগুনা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায়ছবি: আব্দুল্লাহ আল মামুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা ২৪টি লেগুনা (যাত্রীবাহী যান) আটকে রেখেছেন। ছাত্রলীগ নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করেছেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল ফারুক ইমরান, শাহ পরাণ ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, লেলিন মাহবুব এবং উপ-ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে থাকেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের সামনে অবস্থান নিয়ে লেগুনাগুলো আটকানো শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লেগুনাগুলোর চাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যান। এরপর রাতে লেগুনা মালিক সমিতির নেতারা এলে কয়েকটি লেগুনা ছেড়ে দেওয়া হয়। আর বাকি ১১টি লেগুনা বিশ্ববিদ্যালয়ে আটকে রাখা হয়।

গতকাল বুধবার বিকেলে আরও ১৩টি লেগুনা আটকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। লেগুনাগুলো বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে রাখা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা না করে লেগুনাগুলো ছাড়বেন না বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতারা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, মীর মশাররফ হোসেন হলের পাশে সারি করে ২৪টি লেগুনা রাখা। হলের নিরাপত্তা প্রহরী দুলাল জানান, লেগুনাগুলো যাতে চালকেরা না নিয়ে যেতে পারেন, তাই তাঁকে হলের নেতারা পাহারা দিতে বলেছেন।

লেগুনার চালক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সাভার থেকে আশুলিয়া রুটে দুই শতাধিক লেগুনা নিয়মিত চলাচল করে। সেগুলোকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাদের দিনপ্রতি ২৫ টাকা করে চাঁদা দিতে হতো। সে হিসেবে মাসিক দেড় লাখ টাকা চাঁদা দিতে হতো। তবে দুই মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ ছিল। আবারও লেগুনা থেকে চাঁদা আদায়ের চুক্তি করতে চান ছাত্রলীগ নেতারা। এবার লেগুনাপ্রতি ১০০ টাকা দাবি করেছেন নেতারা। তবে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ। তাই লেগুনা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন চালক ও মালিকপক্ষের নেতারা।

নাম প্রকাশ না করার শর্তে লেগুনা মালিক সমিতির একাংশের এক নেতা বলেন, ‘প্রতি লেগুনা থেকে দিনপ্রতি ২৫ টাকা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাঁদা দেওয়া হতো। তবে এখন তাঁরা লেগুনাপ্রতি ১০০ টাকা দাবি করছেন, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না।’

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলছেন, সাভার থেকে আশুলিয়াগামী একটি লেগুনা সিঅ্যান্ডবি এলাকায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র তানভীর ও তারেকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাই তিনটি লেগুনা আটকে রাখা হয়। তবে চালকেরা নকল চাবি দিয়ে সেগুলো নিয়ে চলে যান। এরপর ক্ষোভে শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করেছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলার জন্য ডাকা হলেও তারা আসছে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘হলের ছোট ভাইয়েরা লেগুনাগুলো আটকায়। মালিকপক্ষের সঙ্গে কথা বলার জন্য ডেকেছি, তবে তারা আসেনি। এভাবে ফিটনেসবিহীন গাড়ি তো সড়কে চলতে পারে না। মালিকপক্ষ না আসলে, কাদের কাছে গাড়িগুলো দেব?’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফরিদ হোসেন বলেন, ‘হলের দুই ছোট ভাইয়ের মোটরসাইকেলে একটি লেগুনা ধাক্কা দেয়। তাই তাদের দাবি অনুযায়ী লেগুনাগুলো আটকানো হয়েছে। তবে টাকা লেনদেনের বিষয়ে কিছু জানি না।’
ক্যাম্পাসে বাইরের লেগুনা আটকে রাখা যায় কি না, এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহীন প্রথম আলোকে বলেন, ছাত্ররা লেগুনাগুলো আটক করে ক্যাম্পাসে নিয়ে আসলে তাঁরা বাধা দেন। তবে শিক্ষার্থীদের সঙ্গে তাঁরা পেরে ওঠেননি। বিষয়টি যেহেতু ছাত্র-সংশ্লিষ্ট, তাই তিনি প্রক্টর ও রেজিস্ট্রারকে বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেননি।

আরও পড়ুন