নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের কাজ শুরু
নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মদন উপজেলার উচিতপুর হাওরের বালালী-কদমশ্রী উপপ্রকল্প বাঁধের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা শাহরীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পাউবো সূত্রে জানা গেছে, জেলায় পাউবোর অধীনে প্রায় ৩৬৫ কিলোমিটার ডুবন্ত (অস্থায়ী) বাঁধ আছে। এসব বাঁধের ওপর স্থানীয় কৃষকদের প্রায় ৫০ হাজার হেক্টর জমির রোরো ফসল নির্ভর করে। হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য ইতিমধ্যে ১৭৫টি পিআইসি (প্রকল্প বাস্তাবায়ন কমিটি) গঠন করা হয়। গত বছর জেলায় ১৬৬টি পিআইসি গঠন করা হয়েছিল। এ বছর বন্যায় হাওরে বাঁধের ক্ষতি বেশি হওয়ায় ৯টি প্রকল্প বেশি নিতে হয়েছে। ১৭৫টি পিআইসির মধ্যে খালিয়াজুরিতে ৯৯টি, মদনে ১৭, কলমাকান্দায় ২৫, বারহাট্টায় ১০, পূর্বধলায় ৪ ও মোহনগঞ্জে ২০টি কমিটি গঠন করা হয়। এর মধ্যে আজ সকাল থেকে মদন ও খালিয়াজুরি বিভিন্ন হাওরে অন্তত ১৫টি ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করা হয়। অন্য বাঁধগুলোয় দুই–এক দিনের মধ্যে পর্যায়ক্রমে কাজ শুরু হবে বলে জানা গেছে।
স্থানীয় কৃষক ও পাউবো সূত্রে জানা গেছে, একসময় ঠিকাদারের মাধ্যমে হাওরে বাঁধ মেরামত করা হতো। কিন্তু ২০১৭ সালের অকাল বন্যায় বাঁধ ভেঙে ফসলহানির পর পাউবোর কিছু অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। পরে ঠিকাদারি বাতিল করে পিআইসি ব্যবস্থা চালু করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় পিআইসি কমিটি গঠন করে পাউবো এই ফসল রক্ষা বাঁধগুলো মেরামত করে থাকে।
জেলা কৃষক সমিতির সভাপতি খন্দকার আনিছুর রহমান বলেন, এবার সময়মতো পিআইসি কমিটি গঠন ও বাঁধের কাজ শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে কোনো দুর্নীতিবাজ যেন কমিটিতে না ঢুকতে পারে। কারণ, কৃষকদের নাম দিয়ে প্রভাবশালীরা পিআইসি কমিটির কাজ যেনতেনভাবে করে থাকে। ফলে বাঁধ শক্তিশালী হয় না। আর ব্যক্তিগতভাবে কেউ লাভবান হওয়ার জন্য অপ্রয়োজনীয় কোনো প্রকল্প যেন না নেওয়া হয়, সেটাও নজর রাখতে হবে।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, নিয়ম মেনে স্থানীয় কৃষকদের নিয়ে ১৭৫টি পিআইসি গঠন করা হয়েছে। আজ থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে সঠিক সময়ের মধ্যে বাঁধ নির্মাণকাজ শেষ হবে। বাঁধ নির্মাণ ও সংস্কারে প্রথম পর্যায়ে ২০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।