দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সব সময় একটু বেশিই থাকে। তিন দিন ধরে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে এই জনপদ। ঘন কুয়াশায় দূরপাল্লার বাসসহ অন্যান্য যান দিনের বেলাও লাইট জ্বালিয়ে চলচল করছে। ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মানুষগুলোর।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বামনদীঘি বাসস্ট্যান্ডে কথা হয়, ভ্যানযাত্রী রাজমিস্ত্রির সহযোগী একরামুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আইজ জার (শীত) খুব বেশি হইচে। কুয়াশাতে রাস্তা দেখা যায়ছে না। জান হাতোত নিয়া পাকার রাস্তা দিয়ে কাজোত যাওছি।’
ভ্যানচালক লোকমান হোসেন (৩৮) বলেন, ‘ভাই গত তিন দিন থাকি ঘন কুয়াশায় দুপুর ১২টা পর্যন্ত ভ্যানের লাইট জ্বেলে চলাচল করুছি। বিকাল ৪টার পর কুয়াশা নামা শুরু হয়। সন্ধ্যা ৬টা বাজলে লাইট জ্বালেও কিছু দেখা যায় না। এবার ঠান্ডাও যেমন, কুয়াশাও তেমন।’
সকাল ৮টার দিকে দিনমজুরির না করে বাড়ি ফিরছিলেন ডাঙ্গাপাড়া গ্রামের শরিফুল ইসলাম, কেচু মিয়া, জাহের আলীসহ কয়েকজন শ্রমিকের একটি দল। তাঁদের সঙ্গে কথা হলে দলে থাকা কেচু মিয়া (৫০) বলেন, ‘৭টায় দোলা (মাঠ) আসছি। কষ্ট করি এ ঘণ্টা কাম করনো। কিন্তু ঠান্ডাতে হাত পাও হিয়াল হয়া যাওছে। আর কুয়াশাতে কিছু দেখা যাওছে না, কাম করি শান্তি হওছে না। ওই জন্যে আইজ আর কাম করমো না। বাড়ি যাওছি। এমতোন কুয়াশা থাকলে হামার কৃষানি পড়বে, কষ্টে দিন কাটার নাগবে।’
সকাল ১০টায় ইকরচালী বাজারে কথা হয়, হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলামের (৩০) সঙ্গে। তিনি বলেন, ‘ভাই যে হাট ভোর ছয়টা থাকি মানুষে ভরপুর থাকি, ঠান্ডা আর কুয়াশার জন্যে তাক দুপুর ১২টা পর্যন্ত লোক পাওয়া যায় না। দুপুরের মধ্যে যেখানে দুই আড়াই হাজার টাকার ব্যবসা করি, যেখানে ১০টা পর্যন্ত ৩০০ টাকা বিক্রি হয়নি। মানুষ শীত কুয়াশায় বাড়ি থেকে বের হচ্ছে না।’
বদরগঞ্জের চিকলী নদীঘেঁষা আমরুলবাড়ী গ্রামের গৃহবধূ আসমা বেগম (৫৫) বলেন, ‘বাবা, কষ্টের কথা কি কইম ঠান্ডাত জীবন যায় যায়। সারা রাইত নদী থাকি হু হু করি ঠান্ডা বাতাস ঘরোত আসি ঢোকে। শরীর হিম হয়া যায়। ঠান্ডাতে হাত পাও কোকড়া নাগে। মনে হওছে দ্যাওয়া উন্দাও হয়া সাদা বাতাস আর বরফ পড়ছে।’
লালদীঘি বাজারের হারুন অর রশিদ (৩৫) বলেন, ‘এমনতোন কেনবা ঠান্ডা শুরু হইচে এবার তাক আল্লায় জানে। সকাল সন্ধ্যা ঝরঝর করি কুয়াশা পড়োছে। ৬টা বাজালে হাট-বাজারোত মানুষ থাকোছে না। শীত বেশি হওয়ায় বাজারোত ব্যবসাও ভালো চলোছে।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রংপুর জেলার জন্য ৫৫ হাজার কম্বল বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে প্রতি ইউনিয়নে ৪৯০টি করে বিভিন্ন উপজেলায় ৩৮ হাজার ৭১০টি কম্বল বিতরণ করা হয়েছে। সিটি করপোরেশন এলাকার জন্য রয়েছে ১৬ হাজার ২৯০টি কম্বল।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এখনই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। দুই–এক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।