পরীক্ষাকেন্দ্র থেকে সংসদ সদস্যের পিএসের ফেসবুক লাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর ফেসবুকে লাইভ। রোববার দুপুরে
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনের সময় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করেছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ভিডিওটি নিজের আইডি থেকে মুছে দেন।

রোববার বেলা ১১টার দিকে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সংসদ সদস্য কেন্দ্র পরিদর্শনে গেলে প্রায় ১৪ মিনিট নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেন তাঁর ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া।

কেন্দ্র পরিদর্শনের সময় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) গোলাম মোহাম্মদ বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অনীক চৌধুরী, কেন্দ্রসচিব মাওলানা আফসার উদ্দিন ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সংসদ সদস্যের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ওমর ফারুক মোস্তাফিজ।

এ বিষয়ে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো সিরিয়াস ম্যাটার না। ভুলবশত ভিডিও লাইভটা করা হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।’

ইউএনও কামরুল হাসান বলেন, পরীক্ষাকেন্দ্রে লাইভ ভিডিও করার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি সংসদ সদস্যকে জানানো হয়েছে। ওনার ব্যক্তিগত সহকারী কেন এটা করেছেন, সেটা তিনি জানেন না। ভবিষ্যতে যাতে এমন কিছু না করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি পরীক্ষাকেন্দ্রের কক্ষ পরিদর্শন করতে পারেন। তবে পরীক্ষার কেন্দ্রে দলবদ্ধ হয়ে প্রবেশ করা নিয়মের মধ্যে পড়ে না। কারণ, এতে পরীক্ষার্থীদের মনোযোগে সমস্যা হয়।

নিয়ম অনুযায়ী, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারেন না। মুঠোফোন নেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। শুধু কেন্দ্রসচিব সাধারণ মানের (যা দিয়ে ছবি তোলা যায় না) একটি মুঠোফোন সঙ্গে নিতে পারেন। অন্য কারও মুঠোফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই।