ধর্ষণ-হত্যার পর শিশুটিকে কাদামাটির মধ্যে পুঁতে রাখেন আসামি: আদালতে স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সামনে বসে খেলছিল শিশুটি। গত বুধবার দুপুরে তাকে কেক ও জুসের প্রলোভন দেখিয়ে বাড়ির মধ্যে নিয়ে ধর্ষণ করেন সুলাইমান। তখন তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। ধর্ষণের একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তাকে একটি লাগেজে ভরে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া বাঁধে নিয়ে যান সুলাইমান। সেখানে গিয়ে লাগেজ খুলে দেখেন শিশুটি বেঁচে নেই। পরে লাশটি কাদামাটিতে পুঁতে রাখেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খানের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি মোহাম্মদ সুলাইমান এসব কথা বলেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার নিখোঁজ হয় সে। তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়েছিল। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়। পুলিশের তদন্তে শিশুটি অপহৃত হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর শুক্রবার দিবাগত রাতে শিশুর বাবা মহেশখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।

পুলিশ মুক্তিপণের জন্য করা মুঠোফোন কলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার বিকেলে সুলাইমান ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা না থাকায় তাঁর স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। সুলাইমান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল গ্রামের সৈয়দ করিমের ছেলে।

ওসি প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সুলাইমানকে গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন। বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আদালতে জবানবন্দি দেন তিনি।

সুলাইমানের জবানবন্দির বরাত দিয়ে প্রণব চৌধুরী বলেন, ধর্ষণের সময় শিশুটি অজ্ঞান হয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় শিশুটিকে লাগেজভর্তি করে বুধবার বেলা আড়াইটার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়ায় নিয়ে যান তিনি। সেখানে লাগেজ খুলে দেখেন শিশুটি মারা গেছে। পরে লাশটি কাদামাটিতে পুঁতে রাখেন সুলাইমান। এরপর ওই দিন রাতে মুঠোফোনে সুলাইমান শিশুটির বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনার পর কৌশলে শিশুটির চাচার ভাড়া করা বাড়িতে অবস্থান করছিলেন সুলাইমান।

ওসি আরও বলেন, যেহেতু শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাই শিশুটির বাবার করা অপহরণ মামলাটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। এ ছাড়া চার বছর আগে টেকনাফে আসমা বেগম নামের এক কিশোরীকে হত্যা করেছিলেন সুলাইমান। ওই হত্যাকাণ্ডের পর তিনি পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) হাসান মাহমুদ বলেন, জবানবন্দি শেষে সুলাইমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।