শ্রীপুরে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেনের পথসভায় হামলা করে চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। শুক্রবার সন্ধ্যায় আনন্দবাজার এলাকায়
ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসনের পাঁচটি স্থানে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেনের পথসভায় নৌকার প্রার্থী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রুমানা আলীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগে মাওনা ইউনিয়নের শিমলাপড়া, আক্তাপাড়া বাজার, কারওয়ান বাজার ও শিরিশগুড়িতে পথসভায় হামলা হয়। হামলায় আহত হয়েছেন অন্তত ছয়জন। আহত ব্যক্তিদের মধ্যে আছেন শিমলাপাড়া বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী মো. মাসুদ। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ আনন্দবাজার এলাকায় পথসভায় হামলার বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নছু ভুইয়া বলেন, ‘এইখানে কোনো ট্রাক চলব না বইলাই ভাঙচুর আর মারধর শুরু করে নৌকার কর্মীরা। আমাদের চেয়ার, টেবিলসহ মঞ্চের জিনিসপত্র পাশের পুকুরে ফেলে দেয় তারা। ছিঁড়ে ফেলা হয় ট্রাক মার্কার পোস্টার ও লিফলেট।’

আহত নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পথসভার প্যান্ডেলে নৌকার পক্ষের অর্ধশতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে হামলা করেন। তিনি অভিযোগ করে বলেন, মাওনা এলাকার নৌকার কর্মী মো. হারুন, মো. ফজলুল হক, আবুল কাশেম ও রুবেলের নেতৃত্বে হামলাকারীরা পথসভায় থাকা লোকজনকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন। চেয়ার টেবিল ছুড়ে ফেলেন।

স্বতন্ত্র প্রার্থীর অপর আহত কর্মী মো. মাসুদ বলেন, আচমকা পথসভায় হামলা চালিয়ে নৌকার লোকজন তাঁদের এই এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কোনো ধরনের মিটিং করতে নিষেধ করেছেন। বিকেলে এসব হামলায় বিভিন্ন এলাকায় নৌকার পক্ষের নিয়োজিত লোকজন অংশ নেন।

অভিযুক্ত হারুনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ছাড়া ফজলুল হকসহ অভিযুক্ত অন্যরা ফোন ধরেননি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, আমরা হামলার খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে। ম্যাজিস্ট্রেটের সামনে কোনো ঘটনা ঘটেনি, তাই তাৎক্ষণিক শাস্তি দেওয়া সম্ভব হয়নি।