কর্ণফুলী টানেলে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কা, বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত

কর্ণফুলী টানেলের ভেতরে ধাক্কা খাওয়া প্রাইভেট কার। গতকাল রাত সাড়ে ৯টার দিকে তোলাছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাময়িকভাবে টানেলে বিদ্যুৎ বন্ধ ছিল। তবে ১০ মিনিটের মধ্যে সরবরাহ লাইন মেরামত করে টানেলে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

টানেল–সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেট কার আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল। টানেলের ভেতরে ঢোকার পর অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিদ্যুৎ সরবরাহ লাইনে ধাক্কা দেয়। এরপর টানেলের নিরাপত্তাকর্মীরা গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কর্ণফুলী টানেলের টোল বক্সের ইনচার্জ কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০২৩ সালের ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটির উদ্বোধন করা হয়। এর পরদিন সকাল থেকে যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।