বরিশালে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত, বাস ভাঙচুর করে বিক্ষোভ
বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপর স্থানীয় লোকজন বাসটি আটক করে ভাঙচুর করে। তবে চালক ও তাঁর সহকারী কৌশলে পালিয়ে যান। এ সময় ক্ষুব্ধ লোকজনের বিক্ষোভের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত তিনজন হলেন জেলার উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আবদুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৭), তাঁর স্ত্রী মনিরা বেগম ও তাঁদের শিশুকন্যা জান্নাত। যানজটে আটকে থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছন থেকে বাসে ধাক্কা দিলে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ফিরোজ মাহমুদ স্ত্রী-সন্তানকে নিয়ে উজিরপুরে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি আটকে ছিল। এ সময় ‘তাজ পরিবহন’ নামে যাত্রীবাহী একটি বাস বরিশালের দিকে যাওয়ার সময় পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগীকে আটক করার চেষ্টা চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।