রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এ নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে সম্মেলনস্থল থেকে লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ।
আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে একদিকে নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর মাস্টার আর অন্যদিকে আছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মারফত আলী।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সভাপতি তৈবুর রহমান ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান—দুজনই রফিকুল ও মারফত আলীর অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা হারুন উর রশিদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের অনুসারী।
আজ শনিবার সকাল ১০টায় পূর্বাচল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠে এ সম্মেলন হওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়নি। সকাল সাড়ে আটটা থেকেই সম্মেলনস্থলের আশপাশে দুই পক্ষের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সম্মেলনে আসা নারী ও শিশুরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে অবস্থান নিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আলিম ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম সম্মেলনে উপস্থিত আছেন।
পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেনসহ র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। সকাল সাড়ে নয়টায় সম্মেলনের জন্য তৈরি মঞ্চের ১০০ মিটারের মধ্য থেকে বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, নিজেদের অনুসারীদের কমিটিতে আনতে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে এর আগে তিন দফা সম্মেলনের তারিখ পেছানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্যবিদায়ী সভাপতি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মধ্যে কোনো বিরোধ নেই। আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিরোধ আছে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মাস্টার তাঁর পছন্দের জায়গায় সম্মেলন করতে চেয়েছিলেন। স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটি তাঁদের পছন্দের জায়গায় সম্মেলন করেছেন। এ নিয়ে কিছুটা হইচই হয়েছে। সম্মেলনস্থলে লাঠিসোঁটা উদ্ধারের বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম শাহেদ বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য মতানৈক্য আছে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ ও র্যাব সতর্ক অবস্থানে আছে।