নেত্রকোনায় গৃহবধূকে হত্যার পর আগুনে পোড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গৃহবধূ শাপলা আক্তারকে (২২) হত্যার পর লাশ আগুনে পোড়ানোর অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে নিহত গৃহবধূর ছোট ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলাটি করেন।
মামলায় গৃহবধূর স্বামী মো. মাকলুকাত মিয়াকে (৩২) প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার তিনজন হলেন গৃহবধূর স্বামী মো. মাকলুকাত মিয়া (৩২), দেবর মোজাহিদ মিয়া (২৪) ও প্রতিবেশী এক নারী।
মামলার বাদী শফিকুল ইসলাম বলেন, ‘পরকীয়া ও স্বর্ণালংকার চুরির ঘটনার জেরে আমার বোনকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশে আগুন ধরিয়ে দেয়। আমরা এই নারকীয় হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
পারিবারিক কলহের জেরে গত শুক্রবার ভোরে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ভূঁইয়াপাড়া এলাকায় শাপলা আক্তারকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
নিহত গৃহবধূর স্বজন, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে মাকলুকাত মিয়া একই উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের মতিউর রহমানের মেয়ে শাপলা আক্তারকে বিয়ে করেন। কিন্তু মাকলুকাত প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। পরকীয়ায় বাধা দেওয়া ও শাপলাকে পছন্দ না হওয়ায় বিয়ের পর থেকে তাঁকে নানাভাবে নির্যাতন করছিলেন মাকলুকাত। গত ঈদুল আজহার কয়েক দিন আগে মাকলুকাতের এক ভাগনে শাপলা আক্তারের বেশ কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান। বিষয়টি শাপলা বুঝতে পেরে তাঁর স্বামীসহ পরিবারকে জানান। এ নিয়ে শাপলার ওপর নির্যাতন আরও বেড়ে যায়। এ ঘটনার জেরে গত শুক্রবার ভোরে মাকলুকাত ও তাঁর পরিবারের লোকজন শাপলার মাথায় আঘাত করে মাথা থেঁতলে দেন। এতে প্রচুর রক্তক্ষরণে শাপলা মারা যান। পরে তাঁর লাশে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাকলুকাত মিয়া ও তাঁর ছোট ভাই মোজাহিদ মিয়াকে আটক করে। পরের দিন প্রতিবেশী ওই নারীকে আটক করা হয়।
এ ঘটনায় আজ রোববার সকালে নিহত গৃহবধূর ছোট ভাই বাদী হয়ে সাতজনের নামে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য চার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে অন্য আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।