পাবনার বেড়া
ঈদের পর বাড়ছে ডেঙ্গু রোগী
ঈদ উপলক্ষে ঢাকা থেকে অনেকে বেড়াতে এসেছিলেন। তাঁরা দেহে ডেঙ্গুর জীবাণু নিয়ে আসেন।
পাবনার বেড়া উপজেলায় ঈদুল আজহার পর থেকে গত রোববার পর্যন্ত উপজেলায় ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ রোগী শনাক্ত হয়েছেন। বাকি রোগীরা উপজেলার বিভিন্ন ক্লিনিকে রক্ত পরীক্ষা করান। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ রোগীর সম্প্রতি ঢাকা ভ্রমণের ইতিহাস রয়েছে।
স্থানীয় লোকজন বলছেন, পৌর এলাকার মধ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ছোট ছোট সেচখাল গেছে। খালের বদ্ধ পানিতে মশা বংশবিস্তার করছে। এ ছাড়া নালা-নর্দমা ও ঝোপঝাড়ে ভরে গেছে পৌরসভার বিভিন্ন এলাকা। এসব পরিষ্কার করার উদ্যোগ নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ঢাকা থেকে প্রচুর মানুষ বেড়াতে এসেছিলেন। তাঁদের অনেকেই দেহে ডেঙ্গুর জীবাণু নিয়ে আসেন। বাড়িতে আসার পর তাঁরা আক্রান্ত হয়ে পড়েন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। ঈদুল আজহার পর থেকে রোববার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা ১৪ জনকে ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। এসব রোগীর জন্য আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে মাত্র দুজন রোগী ভর্তি হয়েছেন। একজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ও অন্যজন এখনো ভর্তি আছেন। বাকি রোগীদের তাঁদের স্বজনেরা ঢাকা, বগুড়াসহ দেশের উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।
গতকাল ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নাজমুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রী শাহানারা আক্তার জানান, নাজমুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত শনিবার তিনি জ্বর নিয়ে বেড়া পৌর এলাকার বাড়িতে আসেন। রোববার সকালে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয় এবং হাসপাতালে ভর্তি করা হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত বলেন, ‘ঈদুল আজহার পর থেকে আমাদের এখানে রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত রোগীদের প্রায় সবারই সম্প্রতি ঢাকা ভ্রমণের ইতিহাস রয়েছে। মশা ও ডেঙ্গু নিয়ে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাঠপর্যায়ে বিভিন্ন প্রচার–প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।’ ঈদুল আজহার আগের হিসাব তাঁর কাছে নেই বলে জানান।
বেড়া পৌর এলাকার চৌধুরী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোতাহার আলম চৌধুরী বলেন, ঈদুল আজহার পর থেকে তাঁদের ক্লিনিকে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
এদিকে পৌর এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা বিশেষ করে পাউবোর সেচখালগুলো ও নালা, ডোবা, খালসহ বিভিন্ন বদ্ধ জলাশয় মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে ভন ভন করছে মশা।
আলহেরা নগরের বাসিন্দা ওমর সরকার জানান, তাঁর বাড়ির পাশেই সেচখাল। সেখানে ভর্তি ঝোপঝাড়। মশার উৎপাতে দিনেরও স্বস্তি পাওয়া যায় না। দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, মশা নিধনের জন্য জরুরি ভিত্তিতে চারটি ফগার মেশিন কেনা হয়েছে। প্রয়োজনে আরও কেনা হবে। এ ছাড়া এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধি ও মশার উৎসস্থল ধ্বংসের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাউবোর সেচখাল পরিষ্কারের ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।
পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, সেচ মৌসুম শুরুর আগে সেচখালগুলো পরিষ্কার করা হয় যাতে কৃষকের জমিতে ঠিকমতো পানি পান। এখন সেচ মৌসুম শেষ বলে খালগুলোয় পানিপ্রবাহ নেই। কিন্তু সেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে। বিষয়টি যদি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তবে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।