প্রশাসনের অভিযানের তথ্য পৌঁছে দিতেন মাটি ব্যবসায়ীদের, তিনজনকে দণ্ড

প্রশাসনের অভিযানের তথ্য অবৈধভাবে মাটি কাটায় জড়িত ব্যক্তিদের পৌঁছে দেওয়ার দায়ে তিনজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়ছবি: উপজেলা প্রশাসনের সৌজন্যে

অবৈধভাবে পাহাড়ি জমির মাটি কাটার সময় কিছুটা দূরে অবস্থান নিতেন তাঁরা। প্রশাসনের কাউকে অভিযানে আসতে দেখলেই তাৎক্ষণিক মুঠোফোনে জানিয়ে দিতেন মাটি ব্যবসায়ীদের। ফলে আগেভাগেই সরে পড়তেন মাটি কাটায় জড়িত ব্যক্তিরা। এতে ভেস্তে যেত প্রশাসনের অভিযান। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেশ কিছু দিন ধরেই এমন ঘটনা ঘটছে। বিষয়টি আঁচ করতে পেরে এবার সেই তথ্যদাতাদেরই তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন। কারাদণ্ড পাওয়া তিনজন হলেন—মো. রিদুয়ান (২৯), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিম (৪৫)। তাঁদের উপজেলার জাইল্লাঘাটা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এর মধ্যে মো. রিদুয়ানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তিনজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাঁদের ফোনকল রেকর্ডেও অভিযানের তথ্য পাচারের সত্যতা মিলেছে। অভিযানের খবর পৌঁছে দিয়ে মাটি বিক্রির টাকার লভ্যাংশের একটি ভাগ পেতেন তাঁরা।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি অভিযানের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।