মোটরসাইকেল রাখা নিয়ে বাগ্‌বিতণ্ডা, ‘ভাবির দায়ের কোপে’ যুবক নিহত

খুনপ্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাবির দায়ের কোপে সুমন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে ওই যুবক খুন হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির সীমানাঘেঁষা চলাচলের পথে মোটরসাইকেল রাখা নিয়ে আজ বেলা তিনটার দিকে সুমন মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই প্রবাসী সাত্তার মিয়ার পরিবারের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাত্তার মিয়ার স্ত্রী রোমেনা বেগম (৩০) ঘর থেকে দা নিয়ে সুমন মিয়ার হাত ও বুকে কোপ দেন। এতে সুমন মিয়া গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রোমেনা বেগম বাড়ি ছেড়ে পালিয়েছেন। এ ঘটনায় পুলিশ রোমেনা বেগমের শাশুড়ি বানু আরা বেগমকে (৬৫) আটক করেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সুমন মিয়ার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রোমেনা বেগমের শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় রাত সাড়ে নয়টা পর্যন্ত মামলা হয়নি।