পুলিশ থেকে রক্ষা পেতে ইয়াবা বড়ি গিলে খেলেন যুবক
মাদারীপুরে পুলিশের হাত থেকে রক্ষ পেতে ইয়াবা বড়ি গিলে খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই যুবকের নাম সোহাগ ফকির (৩৬)। তিনি সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের বাসিন্দা। এর আগে বুধবার রাতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যান ডিবি পুলিশের সদস্যরা। সেখানকার একটি করাত কলের পাশ থেকে পশ্চিম রাস্তি গ্রামের সোহাগ ফকিরকে আটক করা হয়। এ সময় সোহাগ তাঁর সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ৩১টি ইয়াবা বড়ি গিলে খেয়ে ফেলেন। পরে তাঁর শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি করে আরও ১৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়ি গিলে ফেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হয়। আজ সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা মো. হাসিবুল্লাহ বলেন, ‘সোহাগ ফকির পেশায় ভ্যানচালক। তিনি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ যখন তাঁকে আটক করতে যায়, তখন পুলিশের ভয়ে বাঁচতে তিনি ইয়াবা গিলে খেয়ে ফেলেন। খবর পেয়ে আমরা স্থানীয়রা হাসপাতালেও যাই।’
মাদারীপুর জেলা ডিবির পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবু নাইম প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশের ভয় ও গ্রেপ্তার এড়াতেই মূলত তিনি ইয়াবা বড়ি গিলে খেয়ে ফেলেছেন। অনেক ইয়াবা গিলে খাওয়ার তাঁর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।