জামিনে মুক্তি পেলেন হেফাজত নেতা মাওলানা জুনায়েদ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব গতকাল রোববার বিকেলে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান জানান, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের সময় ভাঙচুর, মারামারি, অগ্নিসংযোগসহ নাশকতার ২০টি মামলার আসামি ছিলেন মাওলানা জুনায়েদ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও আটটি হাজিরা পরোয়ানা ছিল। সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারি থানার তিনটি মামলায় তিনি জামিন লাভ করেন। গত শনিবার ওইসব মামলার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে গতকাল বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়।
মোহাম্মদ লুৎফর রহমান আরও জানান, গত বছরের ১৭ এপ্রিল রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে তিনি গ্রেপ্তার হন। তিনি গত বছরের ১১ জুলাই থেকে এ কারাগারে বন্দি ছিলেন। তাঁর বাবার নাম মাওলানা আবদুল মতিন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রাম এলাকায়।