সীতাকুণ্ডে মহাসড়কে বেপরোয়া গতির বাস উল্টে যাত্রী নিহত, আহত আরও ছয়জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টে যাওয়া বেপরোয়া গতির বাস। আজ সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রল পাম্প এলাকায়ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রলপাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম প্রকাশ। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। একই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাঁরা হলেন রওশন আক্তার (৩৮), তাঁর ছোট ভাই মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান(৩০) ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২৫), ‌অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। পরে ফায়ার সার্ভিস এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটির নাম জোনাকী পরিবহন। এটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির কারণে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এটি উল্টে যায়। পরে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, বাসটি ইলিয়াস পেট্রলপাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে উল্টে যায়। ফলে যাত্রীরা সড়কের ওপর উল্টে থাকা বাসের ছাদ এবং ইঞ্জিনের মাঝখানে আটকা পড়ে। এরপর ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বেশ কয়েকজনকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একজন অর্পিতা সাহা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাবা বাসুদেব সাহা প্রথম আলোকে বলেন, অর্পিতা সাহার আজ একটি চাকরি পরীক্ষা ছিল। সকালে সে জোনাকী পরিবহনের একটি বাসে পরীক্ষা দিতে নোয়াখালী যাচ্ছিল। পথেই তাঁর মেয়ে দুর্ঘটনার শিকার হয়। তাঁর মেয়ের হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল প্রথম আলোকে বলেন, জোনাকী পরিবহন নামের বাসটি সড়কে উল্টে ছিল। তাঁদের উদ্ধারের সময় কয়েকজনকে আহত অবস্থায় পেয়েছেন তাঁরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন বলে তিনি শুনেছেন।

গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

এদিকে আজ সকাল আটটার দিকে একই ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মো. ইমন (২০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শামীম আলম প্রথম আলোকে বলেন, নিহত ইমন মহাসড়কের ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।