নড়াইল শহরের বাসিন্দা আজিজুর রহমান (৬২)। গতকাল রোববার বিকেলে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। নেওয়া হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। অবস্থা দ্রুত খারাপ হতে থাকলে স্বজনেরা তাঁকে ঢাকায় নিতে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন।
অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৭টার দিকে কালনাঘাট এলাকায় পৌঁছায়। ঘাটে দীর্ঘ গাড়ির সারি। রাত সাড়ে ৮টার সময়েও ফেরিতে উঠতে পারেনি গাড়িটি। বাবার অবস্থা দেখে আজিজুরের মেয়ে রাবেয়া খাতুন আহাজারি করছিলেন।
যশোর শহরের মাওলানা জামিল আহমেদসহ ১০ জন রওনা হয়েছেন ওমরা হজের উদ্দেশে। একটি মাইক্রোবাসে করে তাঁরা কালনাঘাটে পৌঁছান গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। সেখানে পড়েছেন দীর্ঘ যানজটে। রাত সাড়ে আটটার দিকে কালনাঘাটে জামিল আহমেদ বলছিলেন, রাত ১২টায় ঢাকা থেকে তাঁদের ফ্লাইট। সময়মতো পৌঁছাতে পারবেন কি না, এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা।
শুধু আজিজুর রহমান ও জামিল আহমেদই নন, দুর্ভোগে পড়েন অনেকে। পদ্মা সেতু চালু হওয়ার পর কালনাঘাট হয়ে গাড়ির চাপ দিন দিন বাড়তে থাকে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে ভোগান্তির স্থল হয়ে ওঠে মধুমতী নদীর কালনাঘাট।
অবশেষে এসব দুর্ভোগের অবসান হতে চলেছে। আজ সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কালনায় মধুমতী সেতু উদ্বোধন করবেন। রাত ১২টা থেকে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি।
প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুর পূর্ব পার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা। ধনুকের মতো বাঁকা দৃষ্টিনন্দন এই সেতু হতে যাচ্ছে দেশের প্রথম ছয় লেনের সেতু। সেতুটি হবে এশিয়ান হাইওয়ের অংশ। চারটি মূল লেনে দ্রুতগতির ও দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে।
সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার। এই সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে নড়াইলের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।
নড়াইল থেকে ট্রাকভর্তি পান ও বরবটি নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন চালক ইমরান শেখ। এক ট্রাক শসা নিয়ে ঢাকার পথে ছিলেন চালক শরিফুল ইসলাম। গতকাল রোববার সন্ধ্যায় কালনাঘাটে কথা হয় তাঁদের সঙ্গে। তাঁরা বলেন, সপ্তাহে অন্তত দুই দিন এগুলো নিয়ে কালনাঘাট হয়ে যাতায়াত করেন তাঁরা। ফেরিতে উঠতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়।
লোহাগড়ার এম এ হক কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী বলেন, কালনাঘাটের কাছে মাঝেমধ্যে নৌকাডুবির ঘটনা ঘটে। সেতুতে যান চলাচল হলে এমন দুর্ঘটনা কমে যাবে।
নড়াইল বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, প্রতিদিন হাজার হাজার পরিবহনশ্রমিক এই পথে যাতায়াত করেন। তাঁদের রোদ, বৃষ্টি, গরম সহ্য করে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয়েছে। আজ থেকে এর অবসান হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী আরিফুর রহমানের মধ্যে অন্য রকম এক আবেগ কাজ করছে। সেতু উদ্বোধনের ক্ষণ উপভোগ করতে তিনি এলাকায় চলে এসেছেন। তিনি বলেন, এ এলাকার মানুষের শুধু ভোগান্তিরই অবসান হচ্ছে না, দৃষ্টিনন্দন সেতুটিতে ঘুরতে আসতে পারবেন অনেকে।
সেতুর প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য বলেন, এ সেতুর স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এটি দেশের প্রথম ছয় লেনের সেতু। এমন দৃষ্টিনন্দন সেতু দেশে এই প্রথম। ছয় লেনের মধ্যে সেতুর শেষ প্রান্তের দুটি লেন দিয়ে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলতে পারবে।
নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন বলছিলেন, এ সেতু চালু হওয়ায় গাড়ির চাপ বাড়বে। নানা অপরাধ হওয়ার আশঙ্কা আছে। তাই ট্রাফিকব্যবস্থা জোরদার করা হবে।