সন্তানের গলায় ছুরি ধরে বাবার টাকা দাবি, ভিডিও পাঠালেন স্ত্রীর কাছে

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকের টাকার জন্য শিশুসন্তানের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছেছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকের টাকার জন্য শিশুসন্তানের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনার ভিডিও স্ত্রীর কাছে পাঠিয়ে তিনি টাকা দেওয়ার দাবি করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত মোকসেদ আলীর (৪০) বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে। গতকাল রোববার রাত ৯টার দিকে বেলদিয়া গ্রামের নির্জন স্থানে মোকসেদ আলী ছেলেকে নিয়ে ওই ভিডিও করেন বলে জানান তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০)।

ওই রাতেই ইয়াসমিন পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। তখন পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই ঘটনার পর মোকসেদ আলী আত্মগোপনে আছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাথায় সাদা কাপড় প্যাঁচানো অবস্থায় থাকা শিশুটি অচেতন হয়ে শুয়ে আছে। তার গলায় ও বুকের কাছে ছুরি ধরে স্ত্রীকে হুমকি দিচ্ছেন মোকসেদ আলী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোকসেদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রী ইয়াসমিন আক্তারকে নির্যাতন করতেন। একপর্যায়ে ইয়াসমিন দুই সন্তান ইমরান হোসেন (১৪) ও ইভা আক্তারকে (১২) নিয়ে বাবার বাড়িতে চলে যান। সেখানে তিনি পোশাক কারখানায় চাকরি শুরু করেন। ইমরান একটি কওমি মাদ্রাসায় পড়ালেখা করে। রোববার সন্ধ্যায় মোকসেদ আলী মাদ্রাসায় গিয়ে ছেলেকে বলেন যে তাঁর মা দুর্ঘটনায় আহত হয়েছেন। কৌশলে তাকে সঙ্গে নিয়ে মোকসেদ তাঁর বাড়িতে চলে আসেন। পরে রাত ৯টায় নির্জন স্থানে নিয়ে ইমরানকে অচেতন করে গলায় ছুরি ধরে হত্যার চেষ্টা করতে করতে ভিডিও ধারণ করেন। ভিডিওতে তিনি সন্তানকে হত্যা করার হুমকি দিয়ে স্ত্রীর কাছে টাকা দাবি করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।