গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না: নাহিদ ইসলাম

সিলেটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিলেট বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠেছবি: প্রথম আলো

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী পাঁচ বছরের মেয়াদ তারা সম্পন্ন করে যেতে পারবে না।

আজ শনিবার বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম।

‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে’ এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সভাপতিত্ব করে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সমাবেশে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি পাঁচ বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান নাকি শেখ হাসিনাসহ পৃথিবীর অন্যান্য জায়গায় যে করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য, সেই পরিণতি তিনি ভোগ করতে চান? সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে।’

বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে বিএনপি। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে। অথবা এই নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে।

সিলেটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সিলেট বিভাগীয় সমাবেশে দলগুলোর সমর্থকদের একাংশ। শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে
ছবি: প্রথম আলো

সংস্কার বনাম সংশোধন, এমন বিতর্ক দেশে নতুন করে শুরু হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এই বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। ঐকমত্য কমিশনেই এই বিতর্কের অবসান হয়েছিল। সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন সম্ভব হবে না, দেশের কোনো মৌলিক সংস্কারও সম্ভব হবে না। এ জন্য সংস্কার পরিষদ অথবা গণপরিষদের প্রয়োজন হবে। সেই সময় বিএনপি সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটে রাজি হলো। নির্বাচিত হওয়ার পরে সেটা ভুলে গিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘তাদের (বিএনপি) ৩১ দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পর সংস্কার কী, তারা তা ভুলে গেছে। এখন শুধু সংশোধন চেনে, আর কিছু চিনে না।

এনসিপির এই নেতা বলেন, ‘যদি সে (বিএনপি) জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি সে ছাত্র-তরুণদের আন্দোলনকে ভুলে যায়, যদি এ দেশের ১৪০০ মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপি এবং তারেক রহমানের সরকারকে ভোগ করতে হবে।’

ভারতের আন্দোলনরত তরুণ-জনতাকে অভিবাদন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘একটা তথ্য আমরা শুনতে পেলাম, ভারতের যে শিক্ষামন্ত্রী, যাঁর পদত্যাগের দাবিতে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দিল্লিসহ ভারতের প্রায় সব জায়গায় ছাত্র-জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল, সে আন্দোলনের মুখে সেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষ থেকে, জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই।’

এনসিপির এই নেতা বলেন, ঢাকাতে তীব্র গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না। এর আগে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, সিলিন্ডারের (এলপিজি) মূল্য বৃদ্ধি করা হয়েছে, সবজির দাম দ্বিগুণ থেকে তিন গুণ হয়েছে। মধ্যবিত্তের ওপরে করের বোঝা চাপানো হয়েছে বাজেটে। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সে সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না। কারণ, সরকার সংস্কার করছে না।